স্টেফির সেরেনা-স্তুতি
চোটের কারণে ত্রিশেই টেনিস ছাড়তে হয়েছিল স্টেফি গ্রাফকে। ১৯৯৯ সালে বিদায় বলার আগে অবশ্য ২২টি গ্র্যান্ড স্লাম (একক) জিতে গড়েছেন উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড। তবে জার্মানির এই টেনিস গ্রেট মনে করেন সেরেনা উইলিয়ামসই ভেঙে ফেলবেন তাঁর আপাত-অজেয় রেকর্ডটি। শুধু তা-ই নয়, ২৪টি গ্র্যান্ড স্লামজয়ী মার্গারেট কোর্টকেও ছাড়িয়ে যাবেন সেরেনা!
‘তার (সেরেনার) এখনো টেনিসকে দেওয়ার অনেক বাকি। আমি দিব্যদৃষ্টিতে দেখছি, সে আমাদের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। তাকে হারাবে এমন প্রতিদ্বন্দ্বী আদৌ দেখি না আমি’—সেরেনাকে নিয়ে এমনই বিশ্বাস স্টেফির। তাঁর এই বিশ্বাসের ভিত্তি সেরেনার দারুণ শারীরিক ফিটনেস। গত বৃহস্পতিবার ৩২-এ পা রাখা সেরেনা এই মাসেই ১৭তম গ্র্যান্ড স্লাম হিসেবে জিতেছেন ইউএস ওপেন। স্টেফির ভাষায়, ‘তার শরীর খুবই ভালো অবস্থায় রয়েছে। সে খুবই শক্তিশালী এবং তার খেলাটাও শক্তিনির্ভর। প্রতিপক্ষকে ছাড়িয়ে যেতে বরাবরই এটাই তাকে সাহায্য করছে।’ ওয়েবসাইট।