স্ট্যানচার্ট এশিয়া সফরে লিভারপুল
এটা এখন প্রায় নিয়মিত ঘটনা। ইংলিশ মৌসুম শুরুর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো আসে এশিয়া সফরে। গত জুনেই হংকং, চীন, ইন্দোনেশিয়ায় ১২ দিনের সফর সেরেছে ম্যানচেষ্টার ইউনাইটেড। সেই ধারাবাহিকতায় এবার প্রাক-মৌসুম সফরে এশিয়ায় আসছে লিভারপুল। ক্লাবটি ১৩, ১৬ ও ২৩ জুলাই তিনটি ম্যাচ খেলবে চীনের গুয়াংজু, মালয়েশিয়ার কুয়ালালামপুর ও কোরিয়ার সিউলে। লিভারপুল দলের এই সফরের পৃষ্ঠপোষকতা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।এর আগে ২০০৯ সালে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে ১০ দিনের প্রাক-মৌসুম সফরে এসেছিল লিভারপুল। এশিয়ায় অলরেডদের দারুণ জনপ্রিয়তা, আর এটি তারা উপভোগই করে। লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ড জানিয়েছেন, ‘আমরা যখনই এশিয়ায় এসেছি, দর্শকদের ভালোবাসা উপভোগ করেছি দারুণভাবে। এখানকার সমর্থকেরা লিভারপুলকে খুবই পছন্দ করে। আর তাদের খেলা দেখার সুযোগ করে দিতে পারছি বলে আমরাও আনন্দিত।’