স্ট্যান্ডবাই তালিকাতেও নেই কাকা-রবিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারাকানার লকার রুমে ঝুলিয়ে রাখা হয়েছে নেইমার-অস্কার-ফ্রেডদের জার্সি৷ তবে দর্শক আকর্ষণের কেন্দ্রে নেইমারের জার্সিটাই৷ দুই তরুণী নেইমারের জার্সি ধরেই দাঁড়িয়ে পড়লেন ছবি তুলতে৷ পরশু রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে l রয়টার্স
মারাকানার লকার রুমে ঝুলিয়ে রাখা হয়েছে নেইমার-অস্কার-ফ্রেডদের জার্সি৷ তবে দর্শক আকর্ষণের কেন্দ্রে নেইমারের জার্সিটাই৷ দুই তরুণী নেইমারের জার্সি ধরেই দাঁড়িয়ে পড়লেন ছবি তুলতে৷ পরশু রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে l রয়টার্স

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ানদের প্রত্যাশাটা এমনই উঁচু তারে বাঁধা। দ্বিতীয় কোনো শব্দ তাদের সন্তুষ্টির কারণ হতে পারে না। তাদের কাছে সাফল্যের মানে একটাই—চ্যাম্পিয়ন। রানার্সআপ হওয়াটাও ব্রাজিলিয়ানদের কাছে ব্যর্থতার নামান্তর। দেশবাসীর এই মনোভাবটা কোচ লুইস ফেলিপে স্কলারির ভালো করেই জানা। নিজেদের দেশের বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল কোচও তাই বলে দিলেন, শিরোপা জেতাই ব্রাজিলের একমাত্র বিকল্প। অন্যকিছু ভাবার অবকাশ তাই তাদের নেই।
‘ব্রাজিলে আমাদের একমাত্র বিকল্প শিরোপা জয়’—ব্রাজিলিয়ান পত্রিকা ও’গ্লোবোকে বলেছেন স্কলারি। একমাত্র সেই লক্ষ্যে পৌঁছানোর আশায় স্কলারি ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন আগেই। পরশু ঘোষণা করলেন সাত সদস্যের বিকল্প (স্ট্যান্ডবাই) তালিকাও। মূল দলের কেউ চোট বা বিশেষ কোনো কারণে ছিটকে পড়লে তাঁর শূন্যস্থান পূরণ করা হবে এই তালিকা থেকে।
স্ট্যান্ডবাই হিসেবে ডাক পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের দুই ডিফেন্ডার মিরান্ডা ও ফেলিপে লুইস, বায়ার্ন মিউনিখের রাইটব্যাক রাফিনহা, লিভারপুলের মিডফিল্ডার লুকাস লেইভা, পিএসজির মিডফিল্ডার লুকাস, ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের গোলরক্ষক ডিয়েগো কাভালিয়েরি ও ২৫ বছর বয়সী স্ট্রাইকার অ্যালান কারদেক। স্কলারির স্ট্যান্ডবাই তালিকাতেও জায়গা হয়নি রোনালদিনহো, কাকা, রবিনহো এবং লিভারপুল মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহোর৷ অনেকের কাছেই স্ট্যান্ডবাই তালিকায় কারদেকের জায়গা পাওয়াটা বড় এক বিস্ময়৷ কারদেক পালমেইরাস থেকে গত মাসেই নাম লিখিয়েছেন নগরপ্রতিদ্বন্দ্বী সাও পাওলোতে।
তা যা-ই হোক, এর মাধ্যমে স্কলারি সব ঝামেলাই চুকিয়ে ফেললেন। এখন শুধু বাছাই করা সৈনিকদের নিয়ে শেষ প্রস্তুতি সেরে ফেলার পালা। শিরোপা জেতাই যখন একমাত্র বিকল্প, নিজেদের মাটির বিশ্বকাপ নিয়ে স্কলারি কি একটুও চাপ অনুভব করছেন না? কিংবা খেলোয়াড়েরা? ‘কোনো চাপ নেই। খেলোয়াড়েরা বেশ নির্ভার’—চাপতত্ত্বকে উড়িয়ে দিয়ে স্কলারি প্রতিদ্বন্দ্বীদের অন্য রকম একটা চ্যালেঞ্জও জানিয়ে রাখলেন, ‘কেউ যদি আমাদের চেয়ে ভালো হয়, আমরা তা মেনে নেব। তবে ব্রাজিলের চেয়ে ভালো হতে হলে সেটা তাদের প্রমাণ করতে হবে।’
২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপে তাঁর অধীনেই চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। স্কলারি ২০১৪ বিশ্বকাপে আরও আত্মবিশ্বাসী, ‘আমি খুবই আত্মবিশ্বাসী। কারণ ওটা ছিল আমার প্রথম বিশ্বকাপ। সবকিছু নিয়ে আমাদের দলের পরিকল্পনাও এতটা ভালো ছিল না, যেমনটা এবার। আমাদের দলের খেলার ধরনও নির্দিষ্ট ছিল না। এ কারণেই আমি বেশি নির্ভার।’
১২ জুন উদ্বোধনী ম্যাচেই ক্রোয়েশিয়ার মতো কঠিন প্রতিপক্ষ। ২০১০ বিশ্বকাপেও ক্রোয়েশিয়া গ্রুপপর্বের প্রথম ম্যাচেই কাঁপিয়ে দিয়েছিল ব্রাজিলকে৷ খেলোয়াড়েরা কী উদ্বিগ্ন? স্কলারির কথা, ‘আমরা যদি ক্রোটদের বিপক্ষে না খেলে উদ্বেগের বিরুদ্ধেও খেলি, তাতেও সমস্যা নেই।’ ওয়েবসাইট।