স্ট্যান্ডার্ড চার্টার্ডের নতুন স্কুল ক্রিকেট
অনূর্ধ্ব-১৬ ও জাতীয় স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষক হিসেবে বিসিবির সঙ্গে আরও তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তবে এবারের পৃষ্ঠপোষণায় তারা এসেছে বাড়তি কিছু নিয়ে। নতুন চুক্তি অনুযায়ী, উদীয়মান ক্রিকেটারদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য বিসিবির সঙ্গে যৌথভাবে একটি ক্রিকেট একাডেমি করবে ব্যাংকটি।২০০৪ সাল থেকে স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এবারের স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়াং টাইগার্স জাতীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ঢাকা মহানগর অঞ্চলের খেলা শুরু হবে আজ থেকে। খেলবে ৩০টি স্কুল। ঢাকার বাইরে টুর্নামেন্টটি শুরু হয়ে গেছে আগেই। সারা দেশের ৫৩৮টি স্কুল দলের হয়ে মোট ১২ হাজার ২৪০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে এবার, ম্যাচ হবে ১০৮৭টি। কাল এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে এসব তথ্য।এতে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাশ চৌধুরী, বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির সদস্য জালাল আহমেদ চৌধুরী, গেম ডেভেলপমেন্টের ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।জালাল আহমেদ চৌধুরী বলেছেন, এবারের টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত হবে জাতীয় পর্যায়ের স্কুল দল। এপ্রিল-মের মধ্যে দল গঠনের কাজ শেষ হলে বছরের শেষ দিকে স্কুল দলটিকে বিদেশ সফরে পাঠানোর চিন্তাভাবনা আছে। বিসিবির সভাপতি জানিয়েছেন, এবার থেকে স্কুল ক্রিকেটের সব খেলোয়াড়কে নিবন্ধনের আওতায় আনা হবে। নিবন্ধন নম্বর দিয়েই পরিচিত হবে খেলোয়াড়েরা। একাডেমির ব্যাপারে বিটপী দাশ চৌধুরী বলেছেন, ‘দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য আমরা এটা করছি। তবে চিন্তাটা এখনো প্রাথমিক পর্যায়ে।’