শারীরিক সক্ষমতার কি এক পরীক্ষাই না দিতে হলো সাকিব আল হাসানকে। চৈত্রের গরমে তিন দিন ধরে বোলিং করতে হয়েছে ৬৬ ওভার! বাংলাদেশের পক্ষে ইনিংসে এত ওভার বোলিং করতে হয়নি আর কাউকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২০০৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৯.১ ওভার বোলিং করেছিলেন মোহাম্মদ রফিক, ১২২ রানে নিয়েছিলেন ৬ উইকেট। রফিককে অবশ্য নিয়মিতই স্ট্যামিনার পরীক্ষা দিতে হতো। ৩৩ টেস্টের ক্যারিয়ারে মোট ৪৮ ইনিংস বোলিং করেছেন, এর মধ্যে ওভারের হাফসেঞ্চুরি করেছেন মোট ৫ বার, ৪০ ওভারের বেশি আরও ৬ বার। সব দেশ মিলিয়ে রেকর্ডটি সোনি রামাধীনের। ১৯৫৭ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ৯৮ ওভার বোলিং করেছিলেন ক্যারিবিয়ান অফ স্পিনার, ১৭৯ রানে নিয়েছিলেন ২ উইকেট। ১৯৬৪ সালে ম্যানচেস্টারে ৯৫.১ ওভার বোলিং করেছিলেন টম ভেইভারস। ১৯৫০ সালে নটিংহামে ৯২ ওভার বোলিং করেছিলেন আলফ ভ্যালেন্টাইন, একই ইনিংসে রামাধীন করেছিলেন ৮১ ওভার!