স্ট্যালোনের আঙুল ভেঙেছিলেন পেলে

সিলভেস্টার স্ট্যালোন। নামটা শুনলেই মনে আসে র্যাম্বো সিনেমার সেই দুর্দান্ত আমেরিকান কমান্ডোর কথা। রুপালি পর্দায় ভিলেনের হাত-পা গুঁড়ো করে দিতে প্রায়শই দেখা যায় স্ট্যালোনকে। কিন্তু হলিউডের এই অ্যাকশন হিরোকেই নাকি একবার ‘ধরাশায়ী’ করে দিয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের একটা শট ঠেকাতে গিয়ে আঙুলই ভেঙে ফেলেছিলেন র্যাম্বো ও রকিখ্যাত স্ট্যালোন।
ঘটনাটি ঘটেছিল ১৯৮১ সালে ‘এসকেপ টু ভিক্টরি’ সিনেমাটির শুটিং করতে গিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রে স্ট্যালোনের সঙ্গে অভিনয় করেছিলেন পেলে, ববি মুরসহ বেশ কয়েকজন খ্যাতনামা ফুটবলার। সে সময়ই পেলের শট ঠেকানোর জন্য গোলরক্ষকের ভূমিকায় গোলবারের নিচে দাঁড়িয়েছিলেন স্ট্যালোন। সম্প্রতি সে সময়ের কথা স্মরণ করে তিনি বলেছেন, ‘কী শটটাই না তিনি মেরেছিলেন। পেলের পেনাল্টি ঠেকাতে গিয়ে আমি আমার একটা আঙুলও ভেঙে ফেলেছিলাম।’
শুধু স্ট্যালোনের আঙুলই নয়, পেলের শটে সে সময় ভেঙে গিয়েছিল জানালার কাচও। শুরুতে সহজ কাজ ভাবলেও পেলের বিপরীতে গোলরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার কাজটা যে কতটা কঠিন, সেটা হাড়ে হাড়েই টের পেয়েছেন স্ট্যালোন, ‘পেলের পায়ে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একজোড়া জুতা। তখনকার বলটাও ছিল কামানের গোলার মতো। এখনকার বলগুলোর চেয়ে অনেক ভারী আর পুরু। তিনি আমাকে বলে দিয়েছিলেন যে, কোনোদিকে শটটা নেবেন। আমি ভাবলাম, এটা তো ফুটবল। কী আর এমন ব্যাপার? পেলের প্রথম শটটা আমি কিছু বুঝে ওঠার আগেই জালে জড়িয়েছিল। তিনি আবারও শট নিলেন আর এবার বলটা বেরিয়ে গেল জাল ছিঁড়ে। ভেঙে দিল শুটিংয়ের জন্য তৈরি করা একটা ব্যারাকের জানালা।’ সূত্র: ফক্সনিউজ।