স্ট্রাইকার চায় রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদে ভালো কিছু স্ট্রাইকারের প্রয়োজনীয়তার কথা অনেক দিন ধরেই বলছিলেন মরিনহো। সম্প্রতি আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় এই প্রয়োজনীয়তাটা বহুগুণ বেড়ে গিয়েছে। দলের সবচেয়ে নির্ভরযোগ্য স্ট্রাইকারটি না থাকায় অনেক সময়ই মনমতো কৌশল সাজাতে পারছেন না মরিনহো। এবার অবশেষে তাঁর কথা বিবেচনায় নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। মৌসুম শেষের আগেই রিয়াল মাদ্রিদ বেশ কিছু স্ট্রাইকারকে দলে ভেড়ানোর চেষ্টা করবে বলে জানিয়েছেন ক্লাব পরিচালক জর্জ ভালদানো।ভালদানো বলেছেন, ‘হিগুয়েইনের ইনজুরির পর আমরা সত্যিই কিছু ভালো স্ট্রাইকারের সন্ধান করছি। আমরা এমন কাউকে নেওয়ার চেষ্টা করব, যে অন্তত ছয় মাস আমাদেরকে সাহায্য করতে পারবে। আমি এখনই এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাই না। কিন্তু এটা ঠিক, আমরা নয় নম্বর জার্সিধারী ফুটবলারদের দিকেই দৃষ্টি দিচ্ছি।’ তবে ভালদানো স্পষ্ট করে কিছু না বললেও অনেকেই অনুমান করছেন, বায়ার্ন মিউনিখের গোলমেশিন মিরোস্লাভ ক্লোসা বা ম্যান সিটির এমানুয়েল আদেবায়োরকে দলে টানার চেষ্টা করতে পারে রিয়াল মাদ্রিদ। রয়টার্স।