স্ট্রাইকার 'সংকটে' ব্রাজিল?

কয়েক বছর আগেও জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই চালাতে হতো ব্রাজিলিয়ান স্ট্রাইকারদের। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তালিকার শীর্ষে এখনো আছে ব্রাজিলিয়ান রোনালদোর নামটা। কিন্তু পেলে-রোমারিও-রোনালদোর দেশে নাকি এখন চলছে স্ট্রাইকার-সংকট। নিজেদের মাটিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত বিশ্বকাপের শিরোপা জয়ের মিশনে নামার আগে স্ট্রাইকার সমস্যাই ভাবিয়ে তুলছে সেলেসাওদের। কোথায় গেল ব্রাজিলের সব স্ট্রাইকাররা?
গত বছরের কনফেডারেশনস কাপের কথা বিবেচনা করলে অবশ্য বোঝার কোনো উপায় নেই যে ব্রাজিলে এরকম কোনো সমস্যা থাকতে পারে। অপরাজিতভাবে শিরোপা জয়ের পথে পাঁচ ম্যাচে ১৪টি গোল দিয়েছিল ব্রাজিল। দারুণ পারফরম্যান্স দেখিয়ে পাঁচটি গোল করেছিলেন ফ্রেড। ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারির প্রথম পছন্দও এই ৩০ বছর বয়সী স্ট্রাইকার। কিন্তু ফ্রেড একই সঙ্গে খুব ইনজুরিপ্রবণও বটে। গত দুই বছরে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেজের পক্ষে অর্ধেক ম্যাচেই মাঠে নামতে পারেননি এই অভিজ্ঞ ফুটবলার। কিন্তু ফ্রেডের বিকল্প হয়ে উঠতে পারেন, এমন কোনো নির্ভরযোগ্য স্ট্রাইকারই নাকি এই মুহূর্তে নেই ব্রাজিলের। ২৬ বছর বয়সী জোকে প্রায়শই দেখা যায় ফ্রেডের জায়গায় বদলি হিসেবে নামতে। কিন্তু তরুণ এই স্ট্রাইকারের এখনো কোনো বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা হয়নি। ব্রাজিলের ৯ নম্বর জার্সিটার আরেক ফেবারিট লান্দ্রো ডামিয়াও এ বছরে মাত্র একটি ম্যাচ খেলেছেন সান্তোসের হয়ে। হুট করে এরকম স্ট্রাইকার-সংকট বেশ ভাবিয়েই তুলেছে ব্রাজিলের সাবেক ফুটবলারদের। ২০০২ সালে বিশ্বকাপ শিরোপাজয়ী দলের সদস্য এডিলসন বলেছেন, ‘আমাদের সময়ে দলে জায়গা করে নেওয়ার জন্য আমাকে লড়তে হতো রোনালদো, রোমারিও, মুলার, এডমুন্ডো, চিয়াও, ভায়োলা, লুইজাওদের সঙ্গে। আর এখন আমরা শুধু একজনকে নিয়েই চিন্তিত। ফ্রেড। ব্রাজিলিয়ান ফুটবল সত্যিই খারাপ সময় পার করছে।’
বিশ্বকাপে নিশ্চিতভাবেই নেইমারকে দেখা যাবে ব্রাজিলের আক্রমণভাগের প্রধান অস্ত্র হিসেবে। গত বছরের কনফেডারেশনস কাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন ২২ বছর বয়সী এই তারকা। হাল্ক, রবিনহো, বার্নার্ড, অস্কার, রামিরেসও গোল করতে পারদর্শী। কিন্তু এঁদের কেউই শতভাগ স্ট্রাইকার নন। স্কলারি যেভাবে একজন সেন্টার ফরোয়ার্ড নিয়ে রণকৌশল সাজাতে পছন্দ করেন, সে জায়গাটায় এঁদের কেউই পুরোপুরি মানিয়ে নিতে পারবেন না। সবেমাত্র নীলমণি এখন সেই ফ্রেড। অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো কস্তাকে দলে পাওয়ার জন্য স্কলারি কেন এতটা মরিয়া হয়ে উঠেছিলেন, সেটা এখন ভালোমতোই টের পাওয়া যাচ্ছে। ব্রাজিলের ফুটবল বিশেষজ্ঞ ফ্লাভিও গার্সিয়া সম্প্রতি লিখেছেন, ‘প্রথম পছন্দের স্ট্রাইকারটি ফিট থাকছে কি না, সেটা বড় কথা নয়। বাস্তবতা হচ্ছে ৯ নম্বর জার্সিটা কাকে দেওয়া হবে, সেটা নিয়ে একটা সংকট চলছে।’— রয়টার্স