স্ট্রাউস এখন সবই পারছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়েন্টে ঠেলে দিয়ে এক রান। গ্যালারিতে মৃদু করতালি। অ্যান্ড্রু স্ট্রাউস অবশ্য ব্যাট-ট্যাট উঁচিয়ে কোনো নাটক করলেন না। স্রেফ মুখে একচিলতে রোদের মতো ঝলক দিয়ে উবে যাওয়া হাসি। চাইলে ব্যাটটা তুলতেই পারতেন। ড্যারেন স্যামির করা ইনিংসের ৭৭তম ওভারের তৃতীয় বলে একটা ব্যক্তিগত ‘মাইলফলক’ যে স্পর্শ করেছেন ইংলিশ অধিনায়ক। এর আগে সেঞ্চুরি করে অপরাজিত থেকে দিন শেষ করার পর নতুন দিনে আগের রানের সঙ্গে স্ট্রাউস কখনোই ৬ রানের বেশি যোগ করতে পারেননি। নতুন দিনে তরতাজা হয়ে কোথায় ইনিংসটাকে আরও লম্বা করবেন, উল্টো আউট হয়ে যেতেন সাততাড়াতাড়ি। আগের দিন ১০২ রানে অপরাজিত স্ট্রাউস স্যামির ওই ওভারটিতেই ছয়ের গেরো টপকে সাতে পৌঁছালেন। ১০৯ রানে পৌঁছাতেই ট্রেন্ট ব্রিজের গ্যালারি অভিনন্দন জানাল। পরে অবশ্য স্যামির বলেই আউট হয়েছেন ১৪১ রান করে। অর্থাৎ আগের দিনের সঙ্গে কাল যোগ করেছেন আরও ৩৯। টানা ১৮ মাসের সেঞ্চুরিখরা, অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার ‘সদুপদেশ’-সমালোচনা—স্ট্রাউস সব মুছে দিলেন টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করে। অথচ আগের ২৫টি ইনিংসে তিন অঙ্কের এই জাদুকরি সংখ্যাটাই ছিল যেন মরীচিকা। রানখরায় সাহারায় কীভাবে এল বর্ষা? পরশুই সংবাদ সম্মেলনে তৃপ্ত স্ট্রাউসও বলেছেন, ‘আত্মবিশ্বাস তো একটা কারণ, তবে ক্রিকেটও অদ্ভুত এক খেলা। কখনো কখনো ব্যাটিং মনে হবে সবচেয়ে কঠিন কাজ। আবার কিছু রান পেয়ে গেলে মনে হয় কত সহজ!’আগের দিনের সেঞ্চুরির সঙ্গে ৬ রানের বেশি যোগ করতে না পারার তথ্য মনে করিয়ে দিয়েছিলেন কেউ। ইংল্যান্ড অধিনায়ক কথা দিয়েছিলেন, এবার তেমনটা হবে না, ‘ফর্মে ফিরতে পেরে আমি উচ্ছ্বসিত। এর সর্বোচ্চ ব্যবহারটাই করতে চাই। চেষ্টা করব আগামীকাল (গতকাল) সকালে মনোযোগ ধরে রেখে নিজেকে এগিয়ে নিয়ে যেতে। এটাও আমার জন্য বড় একটা চ্যালেঞ্জ।’ কেন অপরাজিত সেঞ্চুরিটাকে পরদিন টেনে নিতে পারেন না—এ প্রশ্নের উত্তরে প্রথমে কৌতুক করলেন, ‘এর আগে কখনো আগের রাতে ইচ্ছামতো মদ খাইনি। হয়তো এটা করে দেখা উচিত।’ এর পরই ‘সিরিয়াস’ স্ট্রাউস, ‘আসলে এর কোনো ব্যাখ্যা নেই।’ ফর্মে ফিরতে পেরে ভালো লাগছে—এটা স্ট্রাউস না বলে দিলেও চলত, ‘ফর্মে ফিরতে পারাটা দারুণ। অধিনায়ক হিসেবে দলে অবদান রাখতে পারা, সামনে থেকে নেতৃত্ব দেওয়াটাও।’ ৯৬তম টেস্টে এটি তাঁর ২১তম সেঞ্চুরি। আরেকটি সেঞ্চুরি হলেই জোহানেসবার্গে জন্ম নেওয়া স্ট্রাউস ছুঁয়ে ফেলবেন ইংলিশ রেকর্ড। ২২টি করে সেঞ্চুরি করেছেন ওয়ালি হ্যামন্ড, কলিন কাউড্রে ও জিওফ বয়কট। স্ট্রাউস অবশ্য এই অর্জনটিকে বড় করে দেখতে চাইছেন না, ‘সে সময় খেলাটা ছিল অন্য রকম। এখন আমরা ম্যাচও খেলি অনেক বেশি। তা ছাড়া টেন্ডুলকারের দিকে যদি তাকান, ২১ সংখ্যাটিকে খুব বড় কিছু মনে হবে না। অবশ্য তার পরও তা করতে পেরে ভালো তো লাগবেই।’ এএফপি।