স্ট্রাউস এখনো ভোলেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পর্কটা তিক্ত। তাই বলে এর আগে কখনো প্রকাশ্যে কেভিন পিটারসেনের ‘দুর্নাম’ করেননি অ্যান্ড্রু স্ট্রাউস। দুর্নাম তিনি এবারও করেননি। তবে গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালে পিটারসেনের সেই বিতর্কিত ‘খুদে বার্তা কাণ্ডে’ যে খুব কষ্ট পেয়েছিলেন সেটা স্পষ্ট করে দিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেট অধিনায়ক।
গত বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকা সিরিজে নিজের দল সম্পর্কে প্রতিপক্ষ দলের কাছে খুদে বার্তা পাঠিয়ে সমালোচিত হয়েছিলেন কেভিন পিটারসেন। গুঞ্জন আছে সেসব খুদে বার্তায় সে সময়ের ইংল্যান্ড অধিনায়ক স্ট্রাউস সম্পর্কেও অনেক কথাবার্তাও ছিল। এই অভিযোগের পরে ইংল্যান্ড দল থেকে ছিটকে পড়েছিলেন পিটারসেন। সেই সিরিজে নিজের এবং দলের ব্যর্থতার পর ক্রিকেটকেই বিদায় জানিয়েছিলেন স্ট্রাউস। তবে সে সময়ের ঘটনাটা যে মন থেকে মুছে ফেলেননি সেটা বোঝা গেল ডেইলি মেইল-এ স্ট্রাউসের ধারাবাহিক আত্মজীবনীর একটা অধ্যায় পড়ে। আত্মজীবনী মাই ড্রাইভিং অ্যাম্বিশন-এর গত শনিবার প্রকাশিত অধ্যায়ে স্ট্রাউস স্বীকার করেছেন সতীর্থের এমন কাণ্ডে খুব কষ্ট পেয়েছিলেন, ‘আমি মনে করি সে সীমা ছাড়িয়ে গিয়েছিল। অনেক সতর্কতার সঙ্গে গড়ে তোলা আমাদের দলের পরিবেশ সে সর্বোচ্চ চেষ্টায় অস্থিতিশীল করে তুলেছিল।’ যদি সত্যি সত্যি পিটারসেন দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকেন তাহলে তাঁকে কোনো দিন ক্ষমা করবেন না বলেও লিখেছেন তিনি, ‘যদি সে সত্যি আমাকে কীভাবে আউট করতে হবে এটা খুদে বার্তায় জানিয়ে থাকে, তাহলে একে বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু বলা যাবে না। ও রকম হলে আমি তাকে কোনো দিন ক্ষমা করব না।’ এএফপি।