স্ট্রাউস-কুকে ইংলিশ প্রতিরোধ
ইংল্যান্ড স্কোর কার্ডের হূষ্টপুষ্ট চেহারা ভুল বোঝাতে পারে। যতটা মনে হচ্ছে, কাজটা মোটেও ততটা সহজ ছিল না।উইকেটে বোলারদের জন্য কিছুই নেই। এমন উইকেটে যেখানে বাড়তি কিছু করা দরকার, অস্ট্রেলীয় বোলাররা সেখানে করতে পারেননি আসল কাজটুকুও। তবু ঘুরে দাঁড়ানো ছিল খুব কঠিন। কারণ—পারিপার্শ্বিকতা ও ইতিহাস।২২১ রানে পিছিয়ে থাকার চাপ, প্রতিপক্ষের মাঠ, বিরুদ্ধ দর্শক তো ছিলই, গত অনেক বছরে অস্ট্রেলিয়ার মাটিতে এ অবস্থা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। কিন্তু নিজেদের মাটিতে কাল সারা দিন ধরেই বদলে যাওয়া ইংল্যান্ডকে দেখল অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটির সঙ্গী অ্যালিস্টার কুককে নিয়ে অবিস্মরণীয় ঘুরে দাঁড়ানোয় নেতৃত্ব দিলেন অ্যান্ড্রু স্ট্রাউস। অধিনায়কের বিদায়ের পর যোগ্য ডেপুটির মতোই লড়াইয়ের ঝান্ডা হাতে এগিয়ে যাচ্ছেন কুক, সঙ্গী হিসেবে পেয়ে গেছেন জোনাথন ট্রটকে।প্রথম উইকেটে ১৮৮ আর দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১২১ রানের দুটি জুটি বদলে দিল ম্যাচের রং। ৯ উইকেট হাতে নিয়ে ৮৮ রানে এগিয়ে ইংল্যান্ড, ড্র-ই এখন সবচেয়ে সম্ভাব্য ফল। তবে ড্র ম্যাচেও যে কতটা নাটকীয়তা, উত্থান-পতন ও উত্তেজনা থাকতে পারে, তার একটা আদর্শ বিজ্ঞাপন হয়ে থাকবে এই ম্যাচ। তবে এখনই ‘ড্র’ বলে দিতেও একটু ঝুঁকি থাকছে। এতবার রং বদলেছে যে ম্যাচ, শেষ দিনে সেটি বড় কোনো চমক জমা রেখেছে কিনা কে জানে!আগের দিন ১৫ ওভার মুখ গুঁজে উইকেটে কাটিয়ে দেওয়া ইংল্যান্ডের উদ্বোধনী জুটি কাল সকালেই নিয়ে নেয় ম্যাচের নিয়ন্ত্রণ। যথারীতি অগ্রণী ছিলেন স্ট্রাউস, শট খেলেছেন উইকেটের চারপাশে। অস্ট্রেলিয়ায় গত অ্যাশেজে তাঁর সর্বোচ্চ রান ছিল ৫০, পাঁচ টেস্টে ফিফটি ওই একটিই। এবার প্রথম টেস্টেই ছাড়িয়ে গেলেন গত সিরিজকে। ডোহার্টিকে চার মেরে ১৮০ বলে ছুঁয়েছেন ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি। পার্থের সেঞ্চুরিটা ছাড়া অস্ট্রেলিয়ায় গত অ্যাশেজটা ভুলে যেতে চাইবেন কুকও। অস্ট্রেলিয়ায় খেলার সামর্থ্য আছে কি না, উঠে গিয়েছিল এমন প্রশ্নও। প্রথম ইনিংসে ৬৭, এবার অপরাজিত ১৩২, জবাব দিয়ে দিয়েছেন প্রথম টেস্টেই।শুধু বোলিংয়ে নয়, অস্ট্রেলীয় বোলারদের দিনটা বাজে গেছে ফিল্ডিংয়েও। ৬৯ রানে স্ট্রাউসের ক্যাচ ছেড়েছেন জনসন, ১০৩ রানে কুকের ক্যাচ সিডল। দলের সেরা ফিল্ডার ক্লার্কের হাতে ৩৪ রানে জীবন পেয়েছেন ট্রট। ওয়েবসাইট।