স্ট্রাউসকে ফ্লাওয়ারের অভিবাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের পথচলার শুরু একসঙ্গেই। ২০০৯ সালে মুরস-কেপি দ্বন্দ্বে দুজনেরই বিদায়ের পর দৃশ্যপটে আসেন ফ্লাওয়ার-স্ট্রাউস। এই জুটির চমৎকার রসায়নেই এসেছে ইংলিশ ক্রিকেটের অন্যতম সেরা সময়। নেপথ্যে থেকে সাফল্যের রেসিপি বাতলে দিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। সেই রেসিপি মাঠে অনুসরণে নেতৃত্ব দিয়েছেন অ্যান্ড্রু স্ট্রাউস। সঙ্গীর হঠাৎ বিদায়ে তাই ভারাক্রান্ত ফ্লাওয়ারের মন। বিদায়বেলায় স্তুতিতেও ভাসিয়েছেন সদ্য সাবেক হয়ে যাওয়া অধিনায়ককে। তবে ইংল্যান্ড কোচের বিশ্বাস, স্ট্রাউসের অবসরে কেপি-কাণ্ডের কোনো ভূমিকা নেই।আর সবার মতো ফ্লাওয়ারও কুর্নিশ করছেন নেতা স্ট্রাউস ও মানুষ স্ট্রাউসকে, ‘অতি সাধারণ থাকতে পারার অসাধারণ গুণ ছিল ওর। চারপাশে কী হচ্ছে, এসবের খুব ভালো ধারণা থাকত ওর। আর সবার আবেগ-অনুভূতিকে নিজের করে নিতে পারত, যেটা অসাধারণ এক গুণ। কোনো কিছুকে অন্যের দৃষ্টিতে দেখার গুণ ছিল ওর, একজন নেতার জন্য যা ভীষণ গুরুত্বপূর্ণ। এ জন্যই ড্রেসিংরুমে ঘনিষ্ঠ বন্ধুর অভাব ছিল না ওর।’পরিসংখ্যানই ইংল্যান্ডের ইতিহাসের সেরা অধিনায়কদের কাতারে রেখেছে স্ট্রাউসকে। তবে খুব কাছ থেকে দেখেছেন বলেই হয়তো ফ্লাওয়ার জানেন, শুধু পরিসংখ্যানেই মাপা যাবে না অধিনায়ক স্ট্রাউসকে, ‘সে সতীর্থদের আরও ভালো ক্রিকেটার হতে সাহায্য করেছে, সহায়তা করেছে অন্যদের গড়ে উঠতে। সবাইকে একাত্ম করতে পেরেছিল সে, সবাই ওকে অনুসরণ করত। সব মিলিয়ে আমাদের জুটিটি ছিল দারুণ সফল, এই স্মৃতি আমি রোমন্থন করব। অ্যান্ড্রু আমাকে ওর সিদ্ধান্তের কথা জানানোর পর আবেগতাড়িত হয়ে পড়েছিলাম।’স্ট্রাউসের অবসরে পিটারসেন-বিতর্কের ভূমিকা আছে, বিশ্বাস করেন না ফ্লাওয়ার। তবে অবসরের কারণ হিসেবে স্ট্রাউস যে বলেছেন, ভেতর থেকে অনুপ্রেরণার অভাব, এতেও বিস্মিত ইংল্যান্ড কোচ, ‘অনুপ্রেরণার কোনো অভাব ওর মধ্যে দেখিনি। দীর্ঘদিন ধরে অবসর নিয়ে ভাবছে শুনে আমি বরং বিস্মিত হয়েছি। তবে আমার মনে হয় না, পিটারসেনের ঘটনা এখানে ভূমিকা রেখেছে। ৩৫ বছর বয়স ওর, নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা আছে। ও মনে করেছে এটাই সঠিক সময়, আর আমি জানি, বেশির ভাগ ক্ষেত্রেই ওর ভাবনা প্রায় নিখুঁত।’ এএফপি, ওয়েবসাইট।