স্ট্রাউসকে ফ্লাওয়ারের স্যালুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লাওয়ার-স্ট্রাউস জুটির প্রশংসায় পঞ্চমুখ সবাই। অনেকেরই বিশ্বাস, ইংল্যান্ডের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠায় এই জুটির দক্ষ নেতৃত্বের ভূমিকাই বড়। নেপথ্যে থেকে সঠিক পরিকল্পনা করেছেন একজন। মাঠে নিখুঁতভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন আরেকজন। তবে নেপথ্যের নায়ক নিজে মূল কৃতিত্ব দিয়েছেন মাঠের নায়ককে। ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে ‘স্যালুট’ জানিয়েছেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পর ব্রিটিশ মিডিয়ায় বারবার উঠে আসছে তিন বছর আগের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, যে সিরিজে হেরেছিল ইংল্যান্ড, জ্যামাইকায় অলআউট হয়েছিল ৫১ রানে। ইংল্যান্ড তখন ছয় নম্বরে। সেখান থেকে তারা এখন শীর্ষে। ফ্লাওয়ার কৃতিত্ব দিচ্ছেন তাঁর সেনাপতিকে, ‘এই দলের সৌভাগ্য হলো, স্ট্রাউসের মতো অসাধারণ এক নেতা আছে—সে সত্যিই বিশেষ একজন। ও ক্রিকেটারদের বলেছে দায়িত্বে অবিচল থাকতে। ক্রিকেটাররাও নিজেদের উজাড় করে দিয়েছে।’কাঙ্ক্ষিত এক নম্বর জায়গাটা পেয়েছেন। তবে ইংল্যান্ডের জিম্বাবুইয়ান কোচ সন্তুষ্ট থাকতে চান না এতেই। লড়াই এবার নিজেদের সঙ্গে, লক্ষ্য নিজেদেরও ছাড়িয়ে যাওয়া, ‘শীর্ষস্থান আমরা অর্জন করতে পেরেছি, স্ট্রাউস ও আমি এখন যা চাই না, তা হলো স্রেফ এই এক নম্বর জায়গাটা ধরে রাখা। সেটা মোটেও রোমাঞ্চর কিছু নয়। সব সময়ই আমাদের লক্ষ্য ছিল ধারাবাহিক উন্নতি করে যাওয়া, র‌্যাঙ্কিং পয়েন্ট পরিবর্তন হয়ে গেছে বলেই সেই লক্ষ্যের পরিবর্তন হয়নি। ধারাবাহিক উন্নতির চেষ্টা না করলে নিজেদেরই বিপজ্জনক অবস্থায় ফেলে দেওয়া হবে।’এই ধারাবাহিক উন্নতির পথে নিজেদের পরবর্তী চ্যালেঞ্জগুলোও তুলে ধরেছেন ফ্লাওয়ার, ‘অবশ্যই আমাদের উন্নতির অনেক জায়গা আছে। আমার ধারণা, ড্রেসিংরুমে আমাদের সবাই এটা জানে। আগামী শীতে আমরা পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ওদের মাটিতে খেলব। এই দুই দেশে সর্বশেষ সফরে ইংল্যান্ড হেরেছিল। ২০১৩ সালে প্রথমবারের মতো আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলব, আমাদের নিজেদের দেশেই। সেদিকেও আমাদের দৃষ্টি আছে।’এই ইংল্যান্ড দলের তুলনা শুরু হয়ে গেছে বিশ্ব ক্রিকেটে দীর্ঘ সময় রাজত্ব করা ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার সঙ্গে। তবে ইংল্যান্ড কোচ দ্রুত জানিয়ে দিয়েছেন, তুলনার সময় এখনো আসেনি, ‘আমার মনে হয় না ওই দলগুলোর সঙ্গে আমাদের তুলনা করতে পারি। ওরা লম্বা সময় ধরে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছে। আমরা কিছুদিন ধরে ভালো খেলছি, ক্রিকেটীয় ইতিহাসের তুলনায় যে সময়টা খুবই নগণ্য। কোনোভাবেই ওই দলগুলোর সঙ্গে আমাদের তুলনা হতে পারে না।’ওই দলগুলোর সঙ্গে তুলনা না চলতে পারে, তবে নিজেদের ওই উচ্চ্চতায় নিয়ে যেতে চান কেভিন পিটারসেন। শুরুটা করতে চান ভারতকে হোয়াইটওয়াশ করে, ‘যখন গ্রেট অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ দল খেলত, বছরের পর বছর ধরে ওরা প্রতিপক্ষকে স্রেফ খুন করত। ২০০৬-০৭ অ্যাশেজে ওই অভিজ্ঞতা আমার হয়েছে, ৫-০-তে হেরেছিলাম। বিশ্বাস করুন, একেকটি দিনের খেলা শেষে পরদিন আর মাঠে নামতে ইচ্ছা করত না। আমাদেরও এখন সেটাই টার্গেট, ৪-০-তে ভারতকে হারানো। অস্ট্রেলিয়ার কাছে যে অভিজ্ঞতা হয়েছিল, আমি জানি যে কী যন্ত্রণা। ভারতকে সেই যন্ত্রণা ফিরিয়ে দিতে পারলে দারুণ হবে।’ ওয়েবসাইট।