স্ট্রাউসকে সাহসী হতে হবে, পরামর্শ ওয়ার্নের
২০০২ সালের অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ব্রিসবেনে ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন টসে জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর সেই সিদ্ধান্ত আজও সমালোচনা মুখর করে তোলে অনেককেই। কারণ, অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠানোর পর তারা ইংলিশ বোলিংকে তুলোধুনো করে তুলে নিয়েছিল ৪৯২ রান। সেই টেস্টটি ইংল্যান্ডকে হারতে হয় ৩৮৪ রানে। এবারের অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে সেই ব্রিসবেনেই। রিকি পন্টিংয়ের সঙ্গে টস করতে নামার সময় ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের মনে নিশ্চয়ই ঘুরপাক খাবে ২০০২ সালের ব্রিসবেন টেস্টের দুঃস্বপ্নময় অধ্যায়।তবে অসি স্পিন জাদুকর শেন ওয়ার্ন মনে করেন, স্ট্রাউসের ভুল করার সাহস থাকা উচিত। লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় লেখা এক কলামে তিনি বলেছেন, ব্রিসবেনের গ্যাব্বায় টেস্টের প্রথম দিন বল বেশ সুইং করে। তাই অ্যান্ড্রু স্ট্রাউসের উচিত টসে জিতে ২০০২ সালে নাসের হুসেইনের করা ‘ভুল’ আরেকবার করা। আর তা করলেই ইংল্যান্ডের পক্ষে প্রথম টেস্ট জেতা সহজ হবে বলে মনে করেন তিনি।২০০২ সালে যেখানে টসে জিতে ফিল্ডিং নিয়ে নাসের হুসেইন তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন, এবার অ্যান্ড্রু স্ট্রাউসকে আরও একবার সেই কাজ করতে বলছেন ওয়ার্ন! ব্যাপারটি অনেকেই ইংলিশ দলকে ঠেকানোর নতুন কোনো অসি কৌশল বলে মনে করলেও করতে পারেন। অস্ট্রেলীয়রা ইংলিশদের বিভ্রান্ত করে খুব আনন্দ পায়, ইংলিশরাও কেন যেন অস্ট্রেলীয় বিভ্রান্তির ফাঁদে খুব সহজেই পা দেয়। তবে শেন ওয়ার্ন ব্যাপারটি কোনো কৌশলের অংশ কিংবা ইংলিশদের বিভ্রান্তিতে ফেলার জন্য বলছেন না বলেই দাবি করেছেন। তিনি বলেছেন, ব্রিসবেনে আসলেই টেস্টের প্রথম দিন বল প্রচণ্ড সুইং করে। ২০০২ সালে নাসের হুসেইনের মাথাতেও তাই ছিল। কিন্তু সেবার ইংলিশ বোলাররা অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বল করতে পারেননি। কিন্তু এবার যদি তাঁরা তা করতে পারেন, তাহলে ব্রিসবেনের উইকেটে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে স্ট্রাউস বাহবাই পাবেন।নিজ দেশ অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের প্রতিও পরামর্শ রয়েছে ওয়ার্নের। তিনি বলেছেন, এবারের অ্যাশেজ জিততে হলে পন্টিংকে প্রথাগত চিন্তার বাইরে গিয়ে কিছু ব্যাপারে নতুন করে ভাবতে হবে। যেমন—কেভিন পিটারসেন কিংবা স্ট্রাউসকে যদি অসি বোলাররা আউট করতে না পারেন তাহলে পন্টিং তাঁদের পিটারসেন ও স্ট্রাউসের বিপক্ষে ‘রাউন্ড দ্য উইকেট’ বল করার পরামর্শ দিতে পারেন। তিনি আরও বলেন, অধিনায়ককে প্রতিনিয়ত নতুন নতুন চিন্তা করতে হবে। নতুন কৌশল বার করতে হবে। শেন ওয়ার্ন ইংলিশ বোলার ও ব্যাটসম্যানদের মোকাবিলা করার জন্য কয়েকটি পরিকল্পনা করে রাখার জন্যও পন্টিংকে পরামর্শ দিয়েছেন।