স্ট্রাউসদের ফ্লিনটফের স্বীকৃতি
নাসের হুসেইন বলছেন, তাঁর দেখা সেরা ইংল্যান্ড দল এটিই। অনেকেই বলছেন, অনেক বছরের মধ্যে সেরা। এত বড় তুলনায় যাননি অ্যান্ড্রু ফ্লিনটফ। তবে যে স্বীকৃতি দিয়েছেন, সেটাও কম নয়। সাবেক ইংলিশ অলরাউন্ডারের মতে, ২০০৫ অ্যাশেজ জয়ী দলটার চেয়েও অনেক ভালো এই ইংল্যান্ড দল। শুধু তা-ই নয়, এই দলটা অনেক দিন রাজত্ব করতে পারবে বলেও ধারণা সাবেক অধিনায়কের।১৮ বছর পর ইংল্যান্ড অ্যাশেজ জিতেছিল ২০০৫ সালে, মাইকেল ভনের নেতৃত্বে। ওই জয়ে বড় অবদান ছিল ফ্লিনটফের, ৪০২ রান ও ২৪ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজ-সেরা। তাঁর মতো একজন অলরাউন্ডার এই দলে নেই। তার পরও ভনের দলের চেয়ে স্ট্রাউসের দলকে সব দিক থেকে এগিয়ে রাখছেন ফ্লিনটফ, ‘২০০৫ সালে আমাদের যে দল ছিল, তার চেয়ে এই দল অনেক ভালো। এই দলের শক্তিমত্তা ও গভীরতা অবিশ্বাস্য। ২০০৫ অ্যাশেজে বলতে গেলে আমরা ১১ জনই পুরো সিরিজ খেলেছিলাম, শেষের দিকে এসেছিল কলি (কলিংউড)। কিন্তু এখন পুরো স্কোয়াডই দারুণ শক্তিশালী। আমরা দেখেছি, চোটের কারণে প্রথম পছন্দের একজন না খেলার পরও তাঁর অভাব বোঝা যায়নি।’এজবাস্টনে সিরিজের তৃতীয় টেস্টটা জিতলে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবে ইংল্যান্ড। কিন্তু সে পর্যন্ত অপেক্ষার প্রয়োজনই দেখছেন না ফ্লিনটফ, ‘ইংল্যান্ড এখনই বিশ্বের সেরা দল। শুধু র্যাঙ্কিং নয়, শক্তিমত্তার দিক থেকেও। সবকিছুই আছে এই দলের। কোনো দুর্বলতা নেই।’ইংল্যান্ড হয়তো র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠবে এই সিরিজেই, কিন্তু এখনই প্রশ্ন উঠছে, ধরে রাখতে পারবে কত দিন? ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার পর নিরঙ্কুশ শ্রেষ্ঠত্ব দেখাতে পারেনি কোনো দল। দক্ষিণ আফ্রিকা তো শীর্ষে ছিলই মাত্র কিছুদিন, ভারত অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে পারেনি। এই ইংল্যান্ড দল ভারত-শ্রীলঙ্কায় সিরিজ জিততে পারবে কি না সন্দেহ।তবে ফ্লিনটফের বিশ্বাস, ইংল্যান্ড পারবে, ‘দীর্ঘ সময় রাজত্ব করতে না পারার কোনো কারণই দেখি না। রাজত্ব করার মতো ক্রিকেটার দলে অনেক আছে। দলের আত্মবিশ্বাস উঁচুতে। সব পজিশনেই দারুণ সব ক্রিকেটার। সবচেয়ে বড় কথা, দলটা কঠোর পরিশ্রম করে এবং খেলাটা উপভোগ করে। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মতো এই দলও পারে পরবর্তী বছরগুলোতে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে।’ ওয়েবসাইট।