স্ট্রাউসদের হতাশার নাম জয়াবর্ধনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজকীয় এক সেঞ্চুরি পেয়েছেন মাহেলা জয়াবর্ধনে। প্রায় সারা দিন ব্যাট করে হতাশার সাগরে ডুবিয়েছেন ইংল্যান্ডকে। লঙ্কান অধিনায়কের অপরাজিত ১৬৮ রানের ইনিংসটিই গল টেস্টের প্রথম দিন শেষে চমৎকার সমতায় রেখেছে দুই দলকেই।দিনের শুরুতেই ইংল্যান্ডের ষষ্ঠ বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন জেমস অ্যান্ডারসন। শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে ছিলেন এই পেসারের ২৫০তম শিকার। ঠিক পরের বলেই আউট কুমার সাঙ্গাকারা। জয়াবর্ধনে এসে যখন হ্যাটট্রিক বলটা ঠেকালেন, ম্যাচের বয়স তখন মাত্র ১৬ বল। স্কোর বোর্ডে রান মাত্র ১১। চার রান পর আউট তিলকরত্নে দিলশানও। এ অবস্থায় প্রায় সারা দিন ব্যাট করে নিজের ৩০তম টেস্ট সেঞ্চুরিটি তো পেয়েছেনই, দলকেও পৌঁছে দিয়েছেন মোটামুটি স্বস্তিদায়ক জায়গায়। দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ৮ উইকেটে ২৮৯।তাঁর ১৬৮ রানের ইনিংসটি সাজানো ২০ চার ও ৩ ছয়ে। তবে তিনি ফিরে যেতে পারতেন সেঞ্চুরির আগেই। ৯০ রানে ‘জীবন’ পেয়েছেন অ্যান্ডারসনের হাতে। এরপর দিনের শেষ দিকে পরপর দুই ওভারে অ্যান্ডারসন ও ব্রডের বলে সহজ দুটি ক্যাচ ছেড়েছেন মন্টি পানেসার। সেঞ্চুরি এসেছে ঠিক ২০০ বলে।জয়াবর্ধনের ১৬৮ রানের পর স্বাগতিকদের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি মাত্র ২৭ রানের। দিনেশ চান্ডিমালের এই ইনিংসটি ছাড়া বিশের বেশি রান করেছেন শুধু থিলান সামারাবীরা ও প্রসন্ন জয়াবর্ধনে। সুইপ করতে গিয়ে কাভারে বেলের হাতে ক্যাচ দিয়ে সামিত প্যাটেলকে প্রথম টেস্ট উইকেট উপহার দেন চান্ডিমাল। ২৩ রান করা প্রসন্ন যখন চা-বিরতির ৫ বল পর অ্যান্ডারসনের তৃতীয় শিকার হলেন, শ্রীলঙ্কার স্কোর তখন ১৭০/৬। ওখান থেকেই টেলএন্ডারদের সঙ্গী করে আরও ১২৯ রান যোগ করেছেন জয়াবর্ধনে, যার ৮৮ রানই তাঁর।স্পিন নিয়ে মাতামাতি হলেও প্রথম দিনে কোনো উইকেট নিতে ব্যর্থ ইংল্যান্ডের দুই প্রধান স্পিনার গ্রায়েম সোয়ান ও পানেসার। ৫৬ রানে ৩ উইকেট নিয়ে দিনের সেরা বোলার অ্যান্ডারসন। তবে খারাপ করেননি অভিষিক্ত সামিত প্যাটেলও। ২৭ রানে ২ উইকেট পেয়েছেন বাঁহাতি স্পিনে। ওয়েবসাইট।