স্ট্রাউসদের ‘বোনাস’ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচের শুরুটা যত উজ্জ্বল হয়েছিল, ম্যাচের শেষটা ততটাই অনুজ্জ্বল হলো তিলকরত্নে দিলশানের জন্য। প্রতিদিনই বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমেছে। চার ইনিংসের মধ্যে দুটো ইনিংস শেষ হতেই লেগেছে চার দিনের বেশি। পঞ্চম দিনে ইংল্যান্ড ৯৬ রান লিড নিয়ে যখন ইনিংস ঘোষণা করল, দিনের খেলার মাত্র ৫১ ওভার বাকি।নিশ্চিত নিরুত্তাপ ড্রয়ের দিতে এগোতে থাকা ম্যাচে নাটকীয় পরিবর্তন। ছয় ফুট সাত ইঞ্চি উচ্চতার ক্রিস ট্রেমলেটের পেস-বাউন্স আর গত বছর টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারি গ্রায়েম সোয়ানের ঘূর্ণি জাদুতে শ্রীলঙ্কা রীতিমতো ধ্বংসস্তূপ। দুজন মিলে ৫৬ রানে তুলে নিয়েছেন শ্রীলঙ্কার চার-চার আটটি উইকেট। আর তাতেই মাত্র ২৪.৪ ওভারে ৮২ রানে অলআউট হয়ে ম্যাচটা শ্রীলঙ্কা হেরেছে ইনিংস ও ১৪ রানের ব্যবধানে। ঠিক নয় বছর আগে ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারার সর্বশেষ লজ্জাটি পেয়েছিল লঙ্কানরা।অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচটাতেই মুদ্রার এপিঠ-ওপিঠ দেখা হয়ে গেল দিলশানের। প্রায় নিশ্চিত ড্র লেখা হয়ে যাওয়া ম্যাচে হেরে যাওয়ায় তিন টেস্ট সিরিজ জয়ের স্বপ্নও অনেকটাই ধূসর। ধাক্কা সামলে দ্রুতই প্রস্তুতও হতে হচ্ছে দ্বিতীয় ম্যাচটা আগামী শুক্রবারই শুরু বলে। এই পরিস্থিতিতে অধিনায়কের জন্য সবচেয়ে জরুরি কাজ হলো, মাথা ঠান্ডা রাখা। দিলশান তা-ই রাখছেন বলে জানালেন, ‘আমি মাথা ঠান্ডাই রাখছি। রাগ করে কী লাভ? এ ম্যাচটা ভুলে যাওয়া কঠিন হলেও দল হিসেবে আমাদের এককাট্টা থাকতেই হবে। আমরা আবার গুছিয়ে নিয়ে লর্ডস টেস্টে ইতিবাচক মানসিকতা নিয়ে ফিরতেই পারি। পারি ভালো ক্রিকেট খেলতে।’সেটা শ্রীলঙ্কা পারবে কি না, সামনের দিনগুলোতেই বোঝা যাবে। কিন্তু কার্ডিফ টেস্টের শেষটা সেই পুরোনো প্রশ্ন নতুন করে তুলে দিল। ২০০৮ সালের পর এই প্রথম উপমহাদেশের বাইরে টেস্ট খেলছে শ্রীলঙ্কা। প্রথম টেস্টেই এমন লজ্জার কাণ্ড হয়ে গেল। অথচ কার্ডিফের উইকেট কিংবা কন্ডিশন পঞ্চম দিনে এমন বাঘ-ভালুক কিছু হয়ে যায়নি।জয়টা ইংল্যান্ডের জন্যও ছিল অপ্রত্যাশিত। এতটাই, এই জয়কে অ্যান্ড্রু স্ট্রাউস বলছেন ‘বোনাস’। বোনাস এই অর্থেও, জেমস অ্যান্ডারসনের অনুপস্থিতি টেরই পেতে দেননি ট্রেমলেট-ব্রড-সোয়ানরা। ব্যাট হাতে অ্যালিস্টার কুক, ইয়ান বেলের সেঞ্চুরি; ট্রটের ডাবল সেঞ্চুরির পর বোলারদের এই লড়াই ইংল্যান্ড অধিনায়ককে মুগ্ধ তো করবেই।‘আমাদের খেলা অসাধারণ এক টেস্ট হয়ে থাকবে এই ম্যাচটা। অথচ আজ (সোমবার) সকালেও বলছিলাম, আমার খেলা সবচেয়ে একঘেয়ে ম্যাচ হচ্ছে এটা। কত দ্রুতই না ম্যাচের ছবিটা পাল্টে গেল! পুরো কৃতিত্ব আমার খেলোয়াড়দের। এর চেয়ে স্মরণীয় শেষ আর হতেই পারে না’—বলেছেন উচ্ছ্বসিত স্ট্রাউস। লর্ডসে ইংল্যান্ডের ১২ সদস্যের দলে পরিবর্তন একটিই, চোট পাওয়া জেমস অ্যান্ডারসনের বদলে ঢুকছেন জেড ডার্নব্যাচ। এএফপি, রয়টার্স, বিবিসি।