স্ট্রাউসের ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক একশতেই থামলেন অ্যান্ড্রু স্ট্রাউস। তাই কাছাকাছি গিয়েও ছোঁয়া হলো না টেস্টে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা। ২১টি টেস্ট সেঞ্চুরি করা স্ট্রাউস থেমে গেলেন রেকর্ড থেকে মাত্র একটি সেঞ্চুরি দূরে। জিওফ বয়কট, কলিন কাউড্রে ও ওয়ালি হ্যামন্ড—ইংল্যান্ডের এই তিন গ্রেটই করেছেন ২২টি করে সেঞ্চুরি। স্ট্রাউসের সমান সেঞ্চুরি করেছেন বিতর্কে জড়িয়ে ক্যারিয়ার অনিশ্চিত হয়ে পড়া কেভিন পিটারসেনও। তবে এই রেকর্ড ভাঙার সম্ভাবনায় এখন সবচেয়ে এগিয়ে বলতে হবে অধিনায়ক স্ট্রাউসের উত্তরসূরি অ্যালিস্টার কুককে। ২৭ বছর বয়সী কুক ইতিমধ্যে ২০টি সেঞ্চুরি করে ফেলেছেন। সেঞ্চুরির সংখ্যায় কুক এখন কেন ব্যারিংটন ও গ্রাহাম গুচের সঙ্গে একই ব্র্যাকেটে বন্দী। অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের হয়ে স্ট্রাউসের (৯টি) চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন মাত্র দুজন, গ্রাহাম গুচ (১১) ও পিটার মে (১০)।