স্তব্ধ জোয়াকিম লো...
চার গোলে এগিয়ে থাকা কোনো দল চার গোল খেলে ওই দলের কোচের অবস্থা কেমন হয়? তেমনই হয়, যেমনটা হয়েছে জোয়াকিম লোর। হতভম্ব হয়ে তিনি কেবল চেয়ে চেয়ে দেখেছেন, তাঁর দল কীভাবে চার গোলে এগিয়ে থাকা ম্যাচে পাল্টা চারটি গোল খেয়ে ড্র করে মাঠ ছাড়ছে। দলের এমন পারফরম্যান্সে আক্ষরিক অর্থেই স্তব্ধ হয়ে গেছেন এই জার্মান কোচ। ‘আমি জানি না; আমি সত্যিই জানি না। আমি বলতে পারব না, এই ম্যাচ শেষ পর্যন্ত ৪-৪ গোলে ড্র হলো কীভাবে।’ লোর মন্তব্য।তিনি বলেন, ‘সাধারণ হিসাবে কোনো দল ৪-০ গোলে এগিয়ে থেকে চার গোল খেতে পারে না। এটা অসম্ভব। আমি আমার জীবনে এমন ঘটনা আর ঘটতে দেখিনি।’কেবল জোয়াকিম লো নন, জার্মান ড্রেসিংরুম কাল রাতে কী চেহারা নিয়েছিল সেটা কল্পনা করে অনেকেই কৌতুক অনুভব করতে পারেন। তবে জার্মান কোচ সবার সামনেই তুলে ধরেছেন ড্রেসিংরুমের অবস্থা। তিনি বলেন, ‘ড্রেসিংরুমে সবাই হতভম্ব। সবাই স্তম্ভিত হয়ে বসে আছে। সেখানে পিনপতন নীরবতা।’জোয়াকিম লোর মতে, ম্যাচের প্রথম ৬০ মিনিট ছিল চমত্কার। জার্মান দল তাদের সর্বোচ্চটা দিয়ে ম্যাচে চার গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু এর পরেই বিপর্যয়টা ঘটল, ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেল। মূল সমস্যাটা ‘মানসিক’ বলে বর্ণনা করে জোয়াকিম লো বলেন, ‘চার গোলে এগিয়ে যাওয়ার পর খেলোয়াড়েরা মনে করেছিল “ম্যাচ তো শেষ”। এই চিন্তাটাই ওদের মধ্যে আলস্য এনে দেয়। ম্যাচের শেষ গোলটি আমরা বলের দখল হারিয়ে হজম করেছি। ও রকম একটি পরিস্থিতিতে বলের দখল হারিয়ে গোল খাওয়া কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না।’ ওয়েবসাইট।