স্তুতির পাশে কাঁটারও আঘাত
স্তুতি আর সমালোচনার তীর—ক্রিস্টিয়ানো রোনালদোর মনে যুগপৎ অনুভূতিরই আন্দোলন হয়তো এখন। দুর্দান্ত ফর্মে আছেন। ২০০৭-০৮ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছিলেন ৪২ গোল। এবারের মৌসুম মাঝরেখা ছোঁয়ার আগেই ২০ ম্যাচে করে ফেলেছেন ২১ গোল। ম্যাচের পর ম্যাচে গোল করছেন, গোল করাচ্ছেন সতীর্থদের দিয়ে। দলকে জেতাচ্ছেন। বার্নাব্যু-জুড়ে চলছে রোনালদো-স্তুতি। এই আনন্দের মধ্যে রোনালদোর মনে কাঁটা বেঁধার মতো কথা বলেছেন রেফারি ক্লাউস বো লারসেন। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গারকে ‘প্রতারক’ বলেছেন তিনি।‘অফুরান আত্মবিশ্বাস ওর। গতি আর টেকনিক মিলিয়ে দারুণ এক খেলোয়াড় ও’—রোনালদো সম্পর্কে এই হলো রিয়াল কোচ হোসে মরিনহোর মূল্যায়ন। রোনালদোর রিয়াল এবং পর্তুগালের সতীর্থের কথা, ‘ক্রিস্টিয়ানো অনন্য। গোল করা আর করানো, দুটোতেই সমান পারদর্শী।’কোচ এবং সহখেলোয়াড়েরা তো রোনালদো-বন্দনা করছেনই, রোনালদো-স্তুতি করছেন প্রতিপক্ষ খেলোয়াড়েরাও। অ্যাটলেটিকো মাদ্রিদের উরুগুয়ের ডিফেন্ডার ডিয়েগো গোডিনের মূল্যায়ন, ‘নিজের গতি আর টেকনিকে পূর্ণ আস্থা আছে রোনালদোর।’গতি, গোল করা, গোল করানো—দারুণ আত্মবিশ্বাসের সঙ্গেই এগুলো করেন রোনালদো। ফিফার অন্যতম সেরা রেফারি বো লারসেনের কথা, আত্মবিশ্বাস নিয়ে আরও একটা কাজ করেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। সেটা ডাইভ দেওয়া। বো লারসেনের চোখে তাঁর ১৪ বছরের ক্যারিয়ারে দেখা সবচেয়ে ‘বিরক্তিকর’ খেলোয়াড় রোনালদো।২০০৮-০৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ম্যানইউ-আর্সেনাল সেমিফাইনালের প্রথম লেগ পরিচালনা করা বো লারসেন বলেছেন, ‘রোনালদো সব সময়ই সস্তা ফ্রি-কিক আদায় করে নেয়। বিশেষ করে, নিজেদের মাঠে খেলায়।’বো লারসেনই জানিয়েছেন রোনালদোকে ঠেকাতে রেফারিরা বিশেষ প্রস্তুতি নিয়ে রাখেন, ‘ম্যাচের আগে রেফারিদের কক্ষে আমরা আলাপ করি কীভাবে সে সহজে পড়ে যেতে পারে। আমরা জানি যে পক্ষপাত করা যাবে না। তবে আমাদের প্রস্তুতি তো নিয়ে রাখতে হবে। ফ্রি-কিক জিততে না পারার পর সে যখন শুয়ে পড়ে, আমার দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দেয়। কারণ সে বুঝতে পারে, তার ধান্দা কাজ করেনি।’রেফারিদের ওপর চাপ তৈরি করার মতো কথা বলতে ওস্তাদ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসন। তবে ব্রিটিশ পত্রিকা দ্য ডেইলি মিররকে ডেনিশ এই রেফারি রোনালদোর সাবেক গুরুকে নিয়ে বলছেন ভালো কথাই। যদিও কখনো কখনো নাকি ফার্গুসন অননুমেয় হয়ে ওঠেন। ওয়েবসাইট।