স্তেফানিদির রাতে ইসিনবায়েভাও

৪.৮৫ মিটার উচ্চতায় বারটা টপকে বাতাসে ভাসমান অবস্থায়ই শুরু করে দিলেন উদ্যাপন। ঘোষণা তখনো আসেনি, কিন্তু একাতেরিনি স্তেফানিদি ততক্ষণে বুঝে গেছেন, রিও অলিম্পিকের পোল ভল্টের সোনা জিতছেন তিনিই। সেটিও গ্রিসের ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে। পোল ভল্ট তো পরের ব্যাপার, ২০০৪ এথেন্সে ঘরের মাঠের অলিম্পিকের পর অ্যাথলেটিকসেই আর অলিম্পিক পদকের মুখ দেখেনি গ্রিস।
ক্রমেই আঁধার ঘনিয়ে ওঠা সেই অপেক্ষার আকাশে পরশু ভোরের আলো এনে দিলেন স্তেফানিদি। দেশের মানুষকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন, ব্যক্তিগত অর্জনের ডালাকেও করেছেন সমৃদ্ধ। কিন্তু ২৬ বছর বয়সী গ্রিক মেয়েকে পরশু কথা বলতে হলো অন্য একজনকে নিয়ে—ইয়েলেনা ইসিনবায়েভা। রাশিয়ার অ্যাথলেটিকস দল নিষিদ্ধ হওয়ায় রিও অলিম্পিকে ছিলেন না পোল ভল্টের রানি। তাঁর বিশ্ব রেকর্ড (৫.০৬ মিটার) বা অলিম্পিক রেকর্ডেরও (৫.০৪ মিটার) আশপাশে যেতে পারেননি স্তেফানিদি। তবু পরশু ইসিনবায়েভা-প্রসঙ্গ ফিরে ফিরে আসছিল রিওতে, অপ্রত্যাশিতভাবেই।
পোল ভল্টের ফাইনাল হওয়ার ঘণ্টা কয়েক আগে রিওতেই অবসর ঘোষণা করেছেন ইসিনবায়েভা। কিন্তু বিদায়বেলায় রিওর পোল ভল্টের প্রতিযোগীদের একটু তেতো স্বাদ দিয়ে গেলেন ৩৪ বছর বয়সী রুশ। বলে দিলেন, ‘আজ যে-ই জিতুক, ইসিনবায়েভাকে ছাড়া জিতবে। এটা পরিপূর্ণ হবে না। চ্যাম্পিয়ন এটা অনুভব করবেই, সে সোনা জিতেছে, কারণ সে ইসিনবায়েভাকে হারায়নি।’
না চাইলেও তাই স্তেফানিদিকে এটি নিয়েই কথা বলতেই হতো। ইসিনবায়েভার মন্তব্যে হতাশাটা লুকানওনি গ্রিক পোল ভল্টার, ‘ওঁর মন্তব্যগুলো আসলে আজ এখানে যাঁরা ছিল, তাঁদের প্রতি একটু অসম্মানজনক, বেদনাদায়কও। সারা জীবন ওঁকে আদর্শ মেনে বড় হয়েছি। ওঁর কাছ থেকেই এমন কথা শোনা হতাশার। প্রত্যেক অ্যাথলেটই ওঁকে এখানে দেখতে চাইত, ওঁকে হারানোর একটা সুযোগ পেতে চাইত। কিন্তু যা হয়েছে, এ নিয়ে তো আমাদের কিছু করার নেই।’
তবে শুধু ইসিনবায়েভাকে নিয়ে কথা বলতে চাইবেন কেন স্তেফানিদি? এটি যে নিজেরও অর্জনের রাত। গলায় সোনার পদক ঝোলানো, গ্রিসের সোনার মেয়ের চোখেমুখেও ছিল সোনালি আভা, ‘যা হয়েছে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। অসাধারণ! দর্শকেরা সমর্থন দিয়ে গেছেন, আমার বাবা-মাও ছিলেন এখানে। দেশকে গর্বিত করতে পেরে আমি খুশি।’ এএফপি।