স্ত্রীকেও জানাননি মার্টিনো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেরার্ডো মার্টিনো যে বার্সেলোনার কোচ হলেন, এর পেছনে আসল কাঠিটা নেড়েছেন হোরেশিও কার্তেস! ভাবছেন, এই ভদ্রলোক আবার কে? শুনলে অবাক হবেন, ইনি প্যারাগুয়ের নবনির্বাচিত প্রেসিডেন্ট। তবে মার্টিনোর সঙ্গে বার্সার যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য তাঁর ফুটবলীয় পরিচয়টাই কাজে এসেছে।তা কার্তেসের ভূমিকাটা কী ছিল শুনুন মার্টিনোর মুখেই, ‘সবকিছুই হয়েছে হোরেশিও কার্তেসের মাধ্যমে। আমি রোসেলের (বার্সেলোনা প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল) সঙ্গে দেখা করেছিলাম কার্তেসের বাসায় (সে সময় কার্তেস ছিলেন প্যারাগুয়ে ক্লাব লিবার্তাদের প্রেসিডেন্ট)। পরে যখন বার্সেলোনা নতুন কোচ খোঁজা শুরু করল তারা জানত না আমার সঙ্গে কীভাবে যোগাযোগ করতে হবে। রোসেল ফোন করেছিলেন কার্তেসকে। এভাবেই সব শুরু হয়।’ মার্টিনো অবশ্য আলোচনার পুরো সময়টাতেই মুখে কুলুপ এঁটে বসে ছিলেন। স্প্যানিশ দৈনিক এএসকে জানিয়েছেন নিজের স্ত্রীকেও জানাননি কিছুই! ‘রোসেলের সঙ্গে কথা বলার আগ পর্যন্ত কী হচ্ছে সেটার কোনো ধারণাই ছিল না আমার। তিনি (রোসেল) আমাকে জুবিজারেতার (বার্সার ক্রীড়া পরিচালক) সঙ্গে কথা বলতে বলেন। এরপর আলাপ শুরু করলাম আমরা। এমনকি আমার স্ত্রীকেও কিছু বলিনি’—জানিয়েছেন মার্টিনো।কখনো লা লিগায় কোচিং করাননি, সেভাবে আলোচনায়ও ছিলেন না। বার্সার কোচ হওয়ার প্রস্তাব যেন অনেকটা ঘুম ভেঙে সোনার পালঙ্কে নিজেকে আবিষ্কার করার মতো! নিজে যে রোমাঞ্চিত হয়েছিলেন সেটা স্বীকার করেছেন খোলাখুলি, ‘এটা খুবই রোমাঞ্চকর। তবে আমি উপভোগ করছি। এটা বিশাল একটা কাজ। অনেক বড় দায়িত্বও।’স্বীকার করছেন নতুন দায়িত্ব মোটেই সহজ হবে না, ‘দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপে আসাটা সহজ নয়। অন্য পরিস্থিতিতে আমি হয়তো বার্সার কোচ হওয়ার মতো বড় দায়িত্ব নেওয়ার আগে স্পেনে কাজ শুরু করতাম।’প্রশ্ন ছিল, এত তারকাকে সামলানোর মন্ত্রটা কী হবে? মার্টিনোর কথা শুনে আশ্বস্ত হতে পারেন মেসিরা, ‘সবচেয়ে ভালো উপায় তাদের সঙ্গে স্বাভাবিকভাবে কাজ করা, সম্মানের সঙ্গে সরাসরি কথা বলা। এটাই ক্লাবকে এগিয়ে নেবে।’মেসিকে কোচিং করানোটা একজন কোচের জন্য অনেক বড় প্রাপ্তি। সেটাও বলেছেন ‘টাটা’, ‘কোচ হিসেবে সে কী ভাবছে আমি সেটা বলতে পারি। কিন্তু কখনো ভাবিনি তাকে বার্সায় কোচিং করাব। একদিন হয়তো সে রোজারিওতে ফিরে যাবে। কে জানে, নিওয়েলসের হয়েও খেলবে।’ এই নিওয়েলস ওল্ড বয়েজই একসূত্রে গেঁথেছে দুজনকে। মেসির প্রথম ক্লাবের অন্যতম কিংবদন্তি এই মার্টিনো! ওয়েবসাইট।