স্ত্রীকেও বলেননি মার্টিনো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্টিনোর প্রশস্ত হাসিই বলে দিচ্ছে, বার্সার দায়িত্ব পেয়ে কতটা উচ্ছ্বসিত তিনি
মার্টিনোর প্রশস্ত হাসিই বলে দিচ্ছে, বার্সার দায়িত্ব পেয়ে কতটা উচ্ছ্বসিত তিনি

হঠাৎই বার্সার দায়িত্ব পেয়েছেন। দুই পক্ষের আলোচনাও হয়েছে কঠোর গোপনীয়তায়। কারও বুঝে ওঠার উপায় ছিল না। বার্সেলোনা যেমন নতুন কোচ সম্পর্কে টুঁ শব্দটা করেনি, একইভাবে মুখে তালা দিয়ে রেখেছিলেন জোরার্ডো ‘টাটা’ মার্টিনো নিজেও। সেই তালা এতটাই দুর্ভেদ্য ছিল যে চুক্তির আগ পর্যন্ত মার্টিনোর স্ত্রীও কিছু জানতে পারেননি!
স্প্যানিশ দৈনিক ‘এএস’কে ৫০ বছর বয়সী মার্টিনো নিজেই জানিয়েছেন কথাটা। সঙ্গে এটাও জানিয়েছেন, প্যারাগুয়ের নবনির্বাচিত প্রেসিডেন্ট হোরাসিও কারটেসের মাধ্যমে তাঁর সঙ্গে প্রথমে যোগাযোগ করেছিলেন বার্সা সভাপতি স্যান্দ্রো রোসেল।
রোসেলের সঙ্গে মার্টিনোর পরিচয় অবশ্য বেশ আগে। কারটেস তখন প্যারাগুইয়ান ফুটবল ক্লাব লিবার্তাদের সভাপতি। বার্সার দায়িত্ব পাওয়ার পর পুরোনো স্মৃতিটাও রোমন্থন করলেন প্যারাগুয়ের সাবেক এই কোচ, ‘কারটেসের বাড়িতে রোসেলের সঙ্গে একবার রাতের খাবারে মিলিত হয়েছিলাম। এবার বার্সালোনা যখন নতুন কোচ খুঁজতে শুরু করল, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। এ অবস্থায় প্রেসিডেন্ট কারটেসের সঙ্গে যোগাযোগ করেন স্যান্দ্রো রোসেল। এভাবেই শুরু হলো কথাবার্তা।’
মার্টিনো বলেন, ‘রোসেলের সঙ্গে কথা বলার আগ পর্যন্ত ধারণাও করতে পারিনি, কী ঘটতে চলেছে। তিনি আমাকে আন্দোনি জুবিজারেতার (বার্সার ক্রীড়া পরিচালক) সঙ্গে যোগাযোগ রাখতে বলেন। এর কয়েক দিন পর আমাদের মধ্যে আলোচনা শুরু হয়। এসব ঘটনা স্ত্রীকে পর্যন্ত বলিনি আমি।’
লা লিগার কোনো ক্লাবের হয়ে কখনো কাজ করেননি। টিটো ভিলানোভা দায়িত্ব ছাড়ার পর অপ্রত্যাশিতভাবে পেয়ে গেছেন স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সার দায়িত্ব। চ্যালেঞ্জটা যে মার্টিনোর জন্য কঠিন, বলার অপেক্ষা রাখে না। রাখঢাক না করে নিউওয়েলস ওল্ড বয়েজের সাবেক কোচ নিজেও স্বীকার করেছেন, গভীর সাগরে পড়ে গেছেন তিনি! মার্টিনোর ভাষায়, ‘বার্সার মতো ক্লাবের দায়িত্ব পেয়েছি। আমি সত্যি উত্তেজিত। ব্যাপারটা দারুণ উপভোগ করছি। তবে আমার ওপর দায়িত্বও অনেক।’ অবশ্য বার্সার আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির সহায়তায় কাজটা সহজ হয়ে যাবে বলেই বিশ্বাস মার্টিনোর।

লালাগ্রন্থির ক্যানসার চিকিত্সায় পূর্ণ মনোনিবেশ করতে বার্সার কোচের দায়িত্ব ছাড়েন ভিলানোভা। গত ২০ জুলাই এক সংবাদ সম্মেলনে ভিলানোভার দায়িত্ব ছাড়ার কথা জানানোর সময় নতুন কোচ সম্পর্কে কোনো আভাসই দেননি স্যান্দ্রো রোসেল কিংবা আন্দোনি জুবিজারেতা। সবাই যখন নিশ্চুপ, তখন স্বদেশি মার্টিনোর প্রতি সমর্থন প্রকাশ করেন মেসি। দলের প্রাণভোমরার সমর্থনটা মিথ্যা হতে দেয়নি বার্সা। মার্টিনোর সঙ্গে দুই বছরের চুক্তি করে কর্তৃপক্ষ বুঝিয়ে দিয়েছে, মেসির চাওয়া বার্সার কাছে কতটা গুরুত্বপূর্ণ।