দুজনই ক্রীড়াবিদ, কিন্তু জগৎটা আলাদা। একজন টেনিসের, আরেকজন ক্রিকেটের। টেনিস ও ক্রিকেটের ব্যস্ত সূচির সঙ্গে তাল মেলাতে গিয়ে সাংসারিক জীবনে তাই অনেক ছাড়ই দিতে হয় সানিয়া মির্জা-শোয়েব মালিককে। বছরের বেশির ভাগ সময়ই আলাদা থাকতে হয় এই ক্রীড়া দম্পতিকে। মাঝেমধ্যেই ‘পার্শ্বপ্রতিক্রিয়া’ দেখা যায় খবরের শিরোনামে—‘সানিয়া-শোয়েবের সংসার ভাঙল বলে’! ভেতরের ব্যাপারটা পুরোপুরিই আলাদা। শোয়েবের দাবি, সানিয়া শুধু তাঁর স্ত্রীই নন, ভালো বন্ধু, পরামর্শদাতাও। দীর্ঘদিন বাইরে থাকার পর আবার যে জাতীয় দলে ফিরে এসেছেন, এর পুরো কৃতিত্ব সানিয়াকে দিয়ে শোয়েব বলেছেন, ‘কখনো কখনো কোনো বিষয় কিংবা ভাবনা নিয়ে দলের কারও সঙ্গে কথা বলা যায় না। কিন্তু আমি ভাগ্যবান যে সানিয়াকে স্ত্রী হিসেবে পেয়েছি। তার সঙ্গে আলোচনা করতে পারি, সে ভালো পরামর্শও দেয়।’ সানিয়ার কঠোর পরিশ্রমী ক্যারিয়ার থেকেও অনুপ্রেরণা পান পাকিস্তানি অলরাউন্ডার। আইএএনএস।