স্ত্রীর প্রেরণায় জিমির বদলে যাওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেকে বদলানোর চেষ্টা করছেন জিমি। ছবি-প্রথম আলো
নিজেকে বদলানোর চেষ্টা করছেন জিমি। ছবি-প্রথম আলো

কথায় বলে, ‘বাপকা বেটা, সিপাই কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া।’ এই প্রবাদ কিছুটা হলেও যেন মিলে যায় জাতীয় হকি দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমির বেলায়। বাবা আবদুর রাজ্জাক সোনা মিয়া একসময়ের দাপুটে স্ট্রাইকার। ষাটের দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানের হকি মাঠ কাঁপিয়েছেন। সবাই তাঁকে ‘টাইগার সোনা’ মিয়া নামেই ডাকতেন। খেলার মাঠে ‘মাথা গরম’ করাতেও জুড়ি মেলা ভার ছিল আবদুর রাজ্জাকের। তবে বাবার চেয়ে সবদিক দিয়েই যেন এক কাঠি এগিয়ে জিমি। মাঠের পারফরম্যান্সে যেমন, আম্পায়ারদের সঙ্গে তর্ক জুড়েও তেমনি এবারের লিগে আলোচনা-সমালোচনার কেন্দ্রে জিমি।
মোহামেডানের কোনো ম্যাচই এবার নির্বিঘ্নে শেষ হয়নি। এমনও দিন গেছে, মারামারির ঘটনার জেরে এক দিনের ম্যাচ আরেক দিন শেষ করতে বাধ্য হয়েছে ফেডারেশন। বেশির ভাগ ক্ষেত্রেই আলোচনায় থেকেছেন জিমি। আবার লিগে খেলতে আসা একঝাঁক বিদেশির ভিড়ে সবচেয়ে উজ্জ্বল তারকাও সেই জিমিই।
এবারের প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি মোহামেডান। কিন্তু সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মোহামেডানের এই স্ট্রাইকার। লিগে ৭ হ্যাটট্রিকসহ মোট গোল করেছেন ৩৭টি। তাও আবার ১৬টি ম্যাচের মধ্যে প্রথম ৪টি ম্যাচে চোটের কারণে ছিলেন দর্শক হয়ে। রেলওয়ের সঙ্গে ম্যাচে মোহামেডানের ১৯ গোলের মধ্যে জিমি একাই করেন রেকর্ড ১১টি। ঘরোয়া হকিতে যা এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড। লিগে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ স্পোর্টিংয়ের সঙ্গে মোহামেডানের ৭ গোলের সব কটিই তাঁর। গোলগুলো নিয়ে অবশ্য পরে ‘গোলমাল’ বাধে। ম্যাচ শুরুর আগে জিমি জানতেন, দেশের ঘরোয়া হকিতে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়তে তাঁর প্রয়োজন মাত্র ৬টি গোল। কিন্তু জিমি করেন ৭টি গোল। বাংলাদেশ স্পোর্টিংয়ের সঙ্গে পাতানো ম্যাচ খেলেই এই রেকর্ড গড়তে চেয়েছিলেন জিমিরা! ম্যাচ শেষে অবশ্য মোহামেডানের গোলরক্ষক রাসেল খান বাপ্পী তা স্বীকারও করে নেন। কিন্তু ম্যাচ শেষেই বাধে যত ঝামেলা। ঘরোয়া হকিতে সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক রফিকুল ইসলাম কামালের গোল ছিল ৪০টি। কিন্তু জিমি জানতেন কামালের গোল ৩৫টি। তাই পাতানো ম্যাচের গোলগুলোসহ সর্বমোট ৩৭ গোল হওয়ার পরই জিমি ইচ্ছে করে আর গোল দেননি। কিন্তু এমন কলঙ্কের ম্যাচে এই কীর্তি গড়ে আদৌ কি গর্বিত হতেন জিমি?
মাঠে আম্পায়ারদের সঙ্গে তর্ক করতে জিমির মোটেও ভালো লাগে না। প্রতিটি ম্যাচ শুরুর আগে স্ত্রী ফারজানা আক্তার লাকি অনুরোধ করেন যেন জিমি মাঠে ‘মাথা গরম’ না করেন। স্ত্রীর অনুরোধে নিজেকে বদলানোর চেষ্টা করেছেন জিমি, ‘ও প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার আগে আমাকে কসম দিয়ে বলে, যেন মাঠে গন্ডগোল না করি। কিন্তু দুই দিন ওর কথা রাখতে পারিনি বলে খুব খারাপ লেগেছে।’ মাঠে নিজেকে আরও নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতই চেষ্টা করে যাচ্ছেন জিমি, ‘মাঠের অনুশীলনের মতো এখন রাগ কমানোরও ট্রেনিং নিচ্ছি।’ মাঠে বিশৃঙ্খলা করতে কোন খেলোয়াড়েরই ভালো লাগে? জিমিও চান না এমনটি। কিন্তু আম্পায়ারের অনেক অন্যায্য সিদ্ধান্ত দেখে নাকি নিজেকে দমিয়ে রাখতে পারেন না, ‘আসলে যে দল আমাকে টাকা দেয়, যে দলের জন্য খেলি, সেই দলের বিরুদ্ধে কোনো অন্যায় সিদ্ধান্ত দিলে সহ্য করতে পারি না। প্রতিবাদ করি। আম্পায়ারের কাছে জানতে চাই আসলে কী হয়েছে। বোঝানোর চেষ্টা করি ভুলটা আমার ছিল না। কিন্তু অনেক সময় অনেক আম্পায়ার কোনো কথাই শুনতে চান না। তখনই মাথা গরম হয়ে ওঠে।’
ঘরোয়া লিগের এমন পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এরই মধ্যে দেশের বাইরে খেলার প্রস্তাব পেয়েছেন জিমি। এর আগে ওমান ও হংকং থেকে লিগ খেলার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু দেশের লিগ ছেড়ে যেতে পারেননি। আপাতত খেলা নেই, নতুন সুযোগটা তাই হাতছাড়া করতে চান না জিমি।