স্থগিত ফুটবলারদের দলবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলারদের দলবদল শুরু হওয়ার কথা ছিল আজ থেকে। কিন্তু গতকাল সন্ধ্যায় হঠাত্ই তা স্থগিত রাখার ঘোষণা দেয় বাফুফে।
স্থগিত না করে উপায়ও ছিল না। কারণ, দলবদল শুরুর আগেই লিগের বাইলজ পাস হওয়ার কথা। সেই বাইলজেরই খবর নেই। ২১ আগস্ট বুধবার লিগ কমিটির সভা ডাকা হয়েছে। সেদিন বাইলজ পাস হলে তবেই দলবদলের আনুষ্ঠানিকতা শুরু করা যাবে। তবে কবে থেকে দলবদল শুরু হবে, তা জানাতে পারেনি বাফুফে।
দলবদল শুরুর আগেই লিগ কমিটির সভায় বাইলজটা পাস করিয়ে নেওয়া উচিত। কিন্তু ঢিলেমি দিয়ে বাফুফে সেটা করেনি। অবাক কাণ্ড, ক্লাব-খেলোয়াড়েরা তৈরি। অথচ বাফুফে তৈরি নয়!
আজ থেকে কীভাবে দলবদল শুরু সম্ভব—এই প্রশ্ন তুলে মোহামেডান কর্তকর্তা লোকমান হোসেন ভূঁইয়া কাল বিকেলে কথা বলেন বাফুফের এক কর্মকর্তার সঙ্গে। তিনিই পরামর্শ দেন, বাইলজ পাস না করিয়ে খেলোয়াড় নিবন্ধন করলে জটিলতা হতে পারে। সেটা সামাল দিতে পারবে না বাফুফে।
মোহামেডানের কর্মকর্তা জটিলতা সৃষ্টির যে আশঙ্কা করেছেন, সেটির ভিত্তিও আছে। চারজন খেলোয়াড় (জাহিদ, শাকিল, নাহিদ ও মামুন মিয়া) মোহামেডানের কাছ থেকে কয়েক মাস আগে ১০ লাখ টাকা করে অগ্রিম নিয়েছেন আগামী মৌসুমে খেলার জন্য। পরে তাঁরা লিগ চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্রের কাছ থেকেও টাকা নিয়েছেন আগামী মৌসুমে তাদের পক্ষে খেলতে।
দুই দলের কাছ থেকে টাকা নেওয়া খেলোয়াড়দের ৫ আগস্টের মধ্যে সমস্যাটা মিটিয়ে ফেলতে বলেছিল বাফুফে। কিন্তু তাঁরা তা করেননি। খেলোয়াড়েরা বলেছেন, বিষয়টা ক্লাব (শেখ রাসেল) দেখবে। কিন্তু মোহামেডান নাছোড়। এই চার খেলোয়াড়সহ ১০ জনের সঙ্গে নতুন বছরের জন্য চুক্তি হয়েছে বলে দাবি করে বাফুফের কাছে বেশ কদিন আগে চিঠি পাঠিয়েছে তারা। যেহেতু বিষয়টার কোনো সমাধান হয়নি, তার আগেই এই খেলোয়াড়দের শেখ রাসেল নিবন্ধন করিয়ে ফেলে কিনা সেই চিন্তায় পড়ে যায় মোহামেডান।
লোকমান ভূঁইয়া সাংবাদিকদের জানান, ‘ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি দুই ক্লাব থেকে টাকা নেওয়ার খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের।’
এবার দলবদলের আলোচিত চরিত্র হচ্ছে দুই ক্লাব থেকে টাকা নেওয়া খেলোয়াড়েরা। শোনা যাচ্ছে, আবাহনীর কাছ থেকে এক লাখ টাকা নিয়ে পরে শেখ রাসেল থেকেও টাকা নিয়েছেন স্ট্রাইকার মিঠুন চৌধুরী। এই খেলোয়াড়দের কেউ কেউ দুই ক্লাব থেকে টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন সংবাদমাধ্যমে। মুখেও অস্বীকার করছেন না কেউ। কাজেই একটা বিপদেই পড়ে গেছেন তাঁরা।
মোহামেডানের আশঙ্কা ছিল, ওই চার খেলোয়াড়ের নিবন্ধন না আজই করিয়ে ফেলতে পারে শেখ রাসেল। শেষ পর্যন্ত দলবদল স্থগিত করিয়ে সেটা তারা আপাতত ঠেকিয়েছে। যদিও দলবদল স্থগিত হওয়ার খবর শোনার আগেই শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেছেন, ‘সময় যেহেতু আছে, তাই এ মাসে আমরা দলবদল করব না।’
খেলোয়াড় নিয়ে শেখ রাসেল-মোহামেডান রশি টানাটানির খেলাটা তাই বাকিই থাকছে।