স্থগিত হচ্ছে হকির দলবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তর্বর্তীকালীন সময়ে ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা শাফায়াত হোসেনের কথায় তেমনই ইঙ্গিত, ‘সরকারি প্রজ্ঞাপনে নতুন নির্বাচিত কমিটিটা ঘোষিত না হওয়া পর্যন্ত দলবদল স্থগিত রাখার পক্ষে আমরা। সে রকম একটা নীতিগত সিদ্ধান্ত হয়ে আছে। এ ব্যাপারে আজ রাতে (কাল) ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনা করব। প্রজ্ঞাপন কাল (আজ) জারি হলেও কমিটির প্রস্তুতির ব্যাপার আছে। তাতেও দলবদল কয়েক দিন পেছাতে পারে।’

কিন্তু আজ প্রজ্ঞাপন জারি হবে তো? প্রজ্ঞাপন হলেই বা কী? আন্দোলনে থাকা মোহামেডানসহ ছয়টি দল দলবদল না করলে সেটি যে স্থগিত হয়ে যাবে, তা না বললেও চলছে। এরই মধ্যে নির্বাচন নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। সর্বশেষ খবর, প্রজ্ঞাপন আজ জারি হচ্ছে না। কবে হবে, তা-ও অনিশ্চিত।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও হকির নির্বাচন কমিশনার হাইয়ুল কাইয়ুম কাল বলেছেন, ‘হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। প্রয়োজনে প্রজ্ঞাপন এক মাস পরও জারি হতে পারে। অর্থাৎ, প্রজ্ঞাপন যখন জারি করার, তখনই করা হবে।’

হকি ফেডারেশনের আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের একজন কাউন্সিলরকে ভোটার তালিকায় যোগ করে নির্বাচন করতে হবে, এমন নির্দেশনা দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। সে ক্ষেত্রে নির্বাচনের গোটা প্রক্রিয়াই নতুন করে শুরুর প্রয়োজন হতে পারে বলে মত প্রকাশ করেছেন অভিজ্ঞ ব্যক্তিরা।

যার অর্থ, হকির নতুন নির্বাচিত কমিটির দায়িত্ব নিতে আরও সময় লাগবে। মোহামেডান জোট বলছে, খাজা রহমতউল্লাহ সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়ে দায়িত্ব নিলে হকির কোনো কার্যক্রমেই তারা আসবে না। এতে সংকট আরও গভীর হতে পারে। সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে ভালো করা হকি এখনই আসলে ঝড় দেখছে সামনে।

ওদিকে বিকেএসপিতে এশিয়া কাপের কন্ডিশনিং ক্যাম্প শেষে কালই ঢাকায় ফিরেছে জাতীয় দল। আগামীকাল থেকে ঢাকায় প্রস্তুতি শুরু হওয়ার কথা। কিন্তু ভজকট যে নতুন করে আবার লাগছে! ফেডারেশনের সভাপতির আশ্বাসে খেলোয়াড়েরা ক্যাম্পে গিয়েছিলেন, কিন্তু এখন দলবদল স্থগিত হওয়ার আভাস পেয়ে খেলোয়াড়েরা হতাশ। সর্বশেষ জাতীয় দলের অধিনায়ক জাহিদ হোসেনের কথা, ‘৪ জুলাই পর্যন্ত অপেক্ষা করেও দলবদল না পেলে পরে সভা করে আমরা সিদ্ধান্ত নেব।’

সেই সিদ্ধান্ত কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার। খেলোয়াড়েরা কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। মজার ব্যাপার, মোহামেডান জোট না হয় দলবদলে অংশ নেবে না বলেছে; আবাহনী, ঊষার মতো অন্য বড় দলগুলোও কেন দলবদল নিয়ে নিশ্চুপ?