স্থগিত হয়ে গেল স্কুল দাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবা ফেডারেশন, বিশেষ করে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইনের সমন্বয়হীনতার কারণে ২৩ সেপ্টেম্বর থেকে প্রস্তাবিত স্কুল দাবার পৃষ্ঠপোষণা স্থগিত করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।স্কুল দাবার দীর্ঘদিনের পৃষ্ঠপোষক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দাবা ফেডারেশনের কাছে বিশদ প্রস্তাবনা চায়। ওই প্রস্তাবনা অনুমোদন সাপেক্ষেই আন্তর্জাতিক ব্যাংকটি পৃষ্ঠপোষণা বাবদ অর্থ বরাদ্দ করে, আয়োজিত হয় টুর্নামেন্ট। কিন্তু এবার কে হবেন উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি, কতজন খেলোয়াড় অংশ নেবে, তার মধ্যে কতজন বিদেশি, বিভিন্ন ক্যাটেগরিতে পুরস্কারের বিবরণ, ঢাকার বাইরের স্কুল দাবার অবস্থা—বিশদ জানানো হয়নি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে। জানা যায়, বারবার ওটা চেয়ে না পেয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বিরক্ত হয় ফেডারেশনের ওপর। অথচ ২৩ সেপ্টেম্বর থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবা শুরু করার ঘোষণা দেয় ফেডারেশন। কিন্তু টুর্নামেন্টের মান নিয়ে সন্দিহান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান শেষ পর্যন্ত পৃষ্ঠপোষণা থেকে সরেই দাঁড়ায়।স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাশ চৌধুরী বিষয়টি গতকাল নিশ্চিত করে বললেন, ‘আমরা টুর্নামেন্টের স্পনসরশিপ স্থগিত ঘোষণা করে দিয়েছি। কারণ, স্পনসর টুর্নামেন্টের মানের সঙ্গে কখনোই আপস করবে না। টুর্নামেন্টের মান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন বলেছেন, ‘অংশগ্রহণ নিশ্চিত করা দাবাড়ুদের এখন জানিয়ে দিতে হবে, অনিবার্য কারণে টুর্নামেন্ট পেছানো হচ্ছে।’ বাংলাদেশের খুদে দাবাড়ুদের পাশাপাশি ভারত ও নেপালের চারজন করে দাবাড়ু টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছিল বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক।তাঁর কথা, প্রধান অতিথি হিসেবে প্রথমে ফেডারেশনের সভাপতি বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরকে আমন্ত্রণ জানানোর চিন্তাভাবনা করা হয়েছিল। কিন্তু তিনি ওই সময় বিদেশে থাকবেন জানার পর চেষ্টা করা হয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারকে আনার। কিন্তু তিনি নিজের নির্বাচনী এলাকা নাটোরে থাকবেন বলে আসতে রাজি হননি। শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে যোগাযোগ চলছিল। মোকাদ্দেস দাবি করেছেন, ‘দেশের দাবার ভালো চায় না এমন একটি মহল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কান ভারী করাতেই এমন হলো।’