স্থগিত হয়ে গেল হকির ক্যাম্প
খেলোয়াড় বিদ্রোহের জেরে স্থগিত হয়ে গেল জাতীয় হকি দলের এসএ গেমসের ক্যাম্প। কাল ফেডারেশনের জরুরি সভায় ক্যাম্প আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার ক্যাম্প শুরুর তারিখ ঠিক হবে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় নির্বাহী কমিটির সভায়।
প্রিমিয়ার লিগের দলবদলের দাবিতে জাতীয় দলের খেলোয়াড়েরা পরশু অনুশীলন শুরুর দিনেই বর্জন করেন ক্যাম্প। কালও খেলোয়াড়েরা ক্যাম্প বর্জনের সিদ্ধান্তে অটল থাকলে ফেডারেশন সভা ডাকতে বাধ্য হয়।
আবাসিক অনুশীলনে ডাক পাওয়া ৪০ খেলোয়াড়ের মধ্যে ১৯ জন বিভিন্ন বাহিনীর। তিনজন বিকেএসপির। ক্যাম্পে যোগ দেন ২২ জন খেলোয়াড়। দলবদলের দাবি তুলে বাকি ১৮ জন খেলোয়াড় যোগ দেননি। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ এঁদের ব্যাপারে বলেছেন, ‘খেলোয়াড়েরা যেটা করেছে সেটা খুবই দুঃখজনক। জাতীয় স্বার্থ সবকিছুর ওপরে। এটা জাতীয় দলের ক্যাম্প, কোনো ক্লাবের ক্যাম্প নয়। কাজেই তাদের এখানে যোগ দেওয়া উচিত ছিল। যারা যোগ দেয়নি তাদের ব্যাপারে পরের মিটিংয়ে সিদ্ধান্ত নেব।’
ক্যাম্প ডাকা হয়েছে, কিন্তু এখনো কোচ চূড়ান্ত করতে পারেনি ফেডারেশন। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ মামুনুর রশিদকে মৌখিকভাবে দায়িত্ব নিতে বলা হয়েছে। কিন্তু মাসিক বেতনের অঙ্কটা পছন্দ না হওয়ায় তিনি দায়িত্ব নিতে অনিচ্ছুক। কাল মামুনুর রশিদ বললেন, ‘আমাকে মাসিক মাত্র ২৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে ফেডারেশন। অথচ বিদেশি কোচের পেছনে কমপক্ষে তিন-সাড়ে তিন হাজার ডলার খরচ হয়। সেই সঙ্গে আবাসন, গাড়িভাড়াও আছে। এত কম বেতনে আমি কাজ করতে রাজি নই।’
ক্যাম্প স্থগিত। জাতীয় দলের নতুন কোচ কে হবেন, সেটাও চূড়ান্ত হয়নি। সব মিলিয়ে হকি আবারও ডুবছে হতাশায়।