স্থগিতই করা হলো বাংলাদেশ লিগ
জাতীয় দলের ম্যাচ হলেই লিগ স্থগিত—এটা যেন বাংলাদেশে অলিখিত নিয়ম। ক্লাব ক্ষতিগ্রস্ত হোক, লিগের আকর্ষণও কমে যাক—তাতে কী!আবার সেই পরিস্থিতি ফিরে আসছে। ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ লিগের অষ্টম রাউন্ড শেষ হওয়ার পরদিন থেকে আগামী ৩ মার্চ পর্যন্ত লিগ স্থগিত। অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের কুয়েতের বিপক্ষে দুটি অলিম্পিক প্রাক-বাছাই ম্যাচের জন্য এই বিরতি।২৩ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ কুয়েতে। পরের ম্যাচটিও কুয়েতে খেলে আসতে কুয়েত ফুটবল ফেডারেশন অনুরোধ করেছে বাংলাদেশকে। এই ম্যাচ হওয়ার কথা ২৮ ফেব্রুয়ারি। কুয়েতে না হলে ৯ মার্চ ঢাকায় হবে। ঢাকায় হলে লিগের বিরতি আরও বাড়বে।এ নিয়েই কাল ক্লাব প্রতিনিধিদের নিয়ে সভায় বসেছিল বাংলাদেশ লিগ কমিটি। সঙ্গে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিও। ১২ দলের মধ্যে মুক্তিযোদ্ধা, ফেনী সকার ও চট্টগ্রাম মোহামেডানের প্রতিনিধিত্ব ছিল না। শেখ জামাল, মোহামেডান, ব্রাদার্স, ফরাশগঞ্জ, রহমতগঞ্জ, চট্টগ্রাম আবাহনীর প্রতিনিধি লিগ চালিয়ে যাওয়ার পক্ষে ছিলেন। শেখ রাসেল ও আবাহনী লিগ স্থগিতের পক্ষে।সংখ্যালঘু মত মেনে নিয়েই লিগ স্থগিত করতে রুলিং দিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী। ‘অতীতের রীতি অনুযায়ী চেয়ারম্যান লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছেন’—সভা শেষে বলেছেন শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী। শেখ রাসেলের ছয়জন ও আবাহনীর পাঁচজন খেলোয়াড় আছেন অনূর্ধ্ব-২৩ প্রাথমিক দলে। এই দুদলের না খেলতে চাওয়ার কারণ স্পষ্ট। অন্য দলগুলোর এক-দুজনের বেশি খেলোয়াড় না থাকায় তারা চালিয়ে যেতে চায় লিগ। এটাই দেখে আসছে এ দেশের ফুটবল।এর সমাধান কী? জাতীয় দল খেলতে গেলেই বারবার লিগ বন্ধ হয়ে যাবে? লিগ কমিটি জানিয়েছে, আগামী মৌসুম থেকে এমন পরিস্থিতিতে লিগ বন্ধ করা হবে না। একটা নীতিমালা তৈরি করা হবে।মার্চে এএফসি চ্যালেঞ্জ কাপ, তখন কি আবার বন্ধ হবে লিগ? বাংলাদেশ লিগের অগোছালো এবং অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে ঝুলে আছে এই প্রশ্নটিও। যার উত্তর খুঁজতে ক্লাবগুলোকে আবার ডাকা হয়েছে ৬ ফেব্রুয়ারি।