স্থানীয় কোচদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে একে একে ঢুকলেন অমলেশ সেন, শফিকুল ইসলাম (মানিক), আবু ইউসুফ, কাজী সাত্তার, মোহাম্মদ মহসিন, কামাল বাবুরা। সাফ ব্যর্থতার হতাশা ছুঁয়ে গেছে স্থানীয় কোচদেরও। এই সংবাদ সম্মেলনের সঙ্গেও সেটির যোগ আছে। সাফে ব্যর্থতা নিয়ে কথা-চালাচালির মধ্যে সম্প্রতি স্থানীয় কোচদের যোগ্যতা নিয়ে কটাক্ষ করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল কোচদের সংগঠন ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
সংগঠনটির সাধারণ সম্পাদক সত্যজিৎ দাস (রুপু) লিখিত বক্তব্যে বলেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশের ফুটবলকে জনপ্রিয় করতে ও ভালোমানের খেলোয়াড় গড়ে তুলতে সাহেব আলী, আলী ইমাম, আবদুর রহিম, গফুর বেলুচ, গোলাম সারোয়ার টিপু, ওয়াজেদ গাজী, অমলেশ সেনরা অগ্রণী ভূমিকা রেখেছেন। বাফুফের সভাপতিও একসময় এ দেশে ক্লাব ও জাতীয় পর্যায়ে কোচিং করিয়েছেন। এরই ধারাবাহিকতায় অন্য কোচরা ফুটবল উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। সাবেক কোচ ও বর্তমানে বাংলাদেশের ফুটবলের কর্ণধার হিসেবে তাঁর এমন মন্তব্য সত্যি দুঃখজনক।’
স্থানীয় কোচরা হিংসা করেই বিদেশি কোচদের সমালোচনা করেন—বাফুফে সভাপতির এই কথারও জবাব দিলেন সত্যজিৎ, ‘আমাদের সংগঠনের কোনো কোচই বিদেশি কোচদের সরাসরি সমালোচনা করেননি। কারণ আমরা বিশ্বাস করি, একজন কোচ হিসেবে আরেকজন কোচের সমালোচনা করা ঠিক নয়। উল্টো জাতীয় দলের বিদেশি কোচরাই স্থানীয় কোচদের সম্পর্কে সমালোচনা করেন।’
স্থানীয় কোচদের সাফল্যের কথা উল্লেখ করে সত্যজিৎ বলেন, ‘বিগত দিনে স্থানীয় কোচদের হাত দিয়েই দেশে-বিদেশে বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় ক্লাবগুলোর সফলতা এসেছে। এরই ধারাবাহিকতায় গত মৌসুমে একটি লিগ ও তিনটি টুর্নামেন্টে স্থানীয় কোচদের দলই চ্যাম্পিয়ন হয়েছিল। স্থানীয় কোচদের যোগ্যতা না থাকলে এই সাফল্য কীভাবে এল?’
বাফুফের সভাপতির বক্তব্যে স্থানীয় কোচরা সামাজিকভাবে হেয় হয়েছেন বলে মনে করছেন সংগঠনটির সভাপতি হাসানুজ্জামান খান (বাবলু), ‘সালাউদ্দিনের সঙ্গে আমি ১০ বছর খেলেছি। তিনি নিজেও কোচ ছিলেন। তাঁর এই বক্তব্যে আমরা পারিবারিক ও সামাজিকভাবে হেয় হয়েছি। আমাদের হূদয়ে রক্তক্ষরণ হয়েছে। কোচদের সামাজিকভাবে একটা অবস্থান আছে। আশা করি, উনি এসব ভেবে তাঁর বক্তব্য প্রত্যাহার করবেন।’ শেখ রাসেলের ট্রেবলজয়ী কোচ মারুফুল হক বললেন, ‘স্থানীয় কোন কোচ বিদেশি কোচদের ব্যাপারে কী বলেছেন, সেটা স্পষ্ট করে বলুন। আমরা বিশ্বাস করি, একজন কোচ আরেকজনের সমালোচনা করেন না। তাহলে কেন এসব কথা উঠবে?’