স্থানীয়দের নিয়ে চিন্তিত ক্রুইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের বিকেলেও ধানমন্ডির শেখ জামাল ক্লাবের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে গেল শ খানেক দর্শক। উপভোগ করল আবাহনী-শেখ জামাল ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচটি। শুধু এরাই নয়, দুই ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বসে ম্যাচটি দেখেছেন জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ এবং সহকারী রেনে কোস্টারও।
শেখ জামালের সঙ্গে এখনো দলবদলে অংশ না নেওয়া আবাহনীর লড়াইটা হলো একপেশে। ৩০ মিনিট করে তিন অর্ধে হলো খেলা। এতে ৫-১ গোলে জিতল শেখ জামাল। মৌসুমের সব কটি শিরোপা জয়ের হুংকার দলবদলের দিনই দিয়েছিল ক্লাবটি। হুমকিটাকে অন্তঃসারশূন্য বলে মনে হচ্ছে না। চোটগ্রস্তদের ছাড়া ঘুরিয়ে-ফিরিয়ে সবাইকেই সুযোগ দেওয়া হলো। আবাহনীর স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে বিদেশিরাও করলেন হতাশ।
ম্যাচের মাঝবিরতিতে কথা বললেন লোডভিক ডি ক্রুইফ। সাফ-ব্যর্থতার পর বলতে গেলে অলস সময়ই কাটাচ্ছেন কোচ। কাল নিজের উদ্যোগেই গিয়েছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। তিনি চান দ্রুতই লিগ শুরু হোক, ‘এ মুহূর্তে লিগটা আগে শুরু করতে হবে। কারণ লিগের খেলা দেখেই আমি জাতীয় দলের খেলোয়াড়দের বাছাই করতে পারব। তাই যত দ্রুত সম্ভব লিগ শুরু করা উচিত।’ বিদেশিদের ভিড়ে স্থানীয় খেলোয়াড়েরা যে খুব বেশি সুযোগ পাচ্ছেন না, সেটাও ভাবাচ্ছে তাঁকে, ‘এই ম্যাচে অনেক বিদেশি খেলছে। এর আগে আমরা যেসব খেলোয়াড় খেলিয়েছি তাদের অনেকেই আজ খেলেনি। এটা ঠিক না। কিন্তু আমার তো এ দেশের ক্লাবের বিষয়ে মাথা ঘামানোর এখতিয়ার নেই। আমি তাদের দায়িত্বও নিইনি। আমি শুধু বাংলাদেশের খেলোয়াড়দের দায়িত্ব নিয়েছি। তবে এটা সত্যি বিদেশিদের পাশাপাশি আমার খেলোয়াড়দেরও খেলাতে হবে। কারণ এই দুই দলে আমার খেলোয়াড়ই ৬০-৭০ ভাগ।’