স্নাইডার এবং দুই ‘গর্দভ’
বিশ্বকাপের এই গনগনে উত্তেজনার সময়ে মুখ সামলে রাখাই ভালো। পত্রিকার কাটতি বাড়াতে শেষে যদি বলা কথাটি বিকৃত করে লিখে দেন রিপোর্টাররা! ব্রাজিলের বিপক্ষে দুই গোল করে হল্যান্ডকে সেমিফাইনালে তুলে নেওয়ার নায়ক ওয়েসলি স্নাইডার পড়ে গেছেন এমনই এক ফাঁপরে।ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে পা রাখার আনন্দে হল্যান্ডেরই একটি ম্যাগাজিন হেলডেন-এ সাক্ষাৎকার দিয়েছিলেন ইন্টার মিলানের এই তারকা। সোমবার প্রকাশিত এই সাক্ষাৎকারে লেখা হয়েছে, আর্জেন্টিনার কোচ ডিয়েগো ম্যারাডোনা ও ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গাকে ‘গর্দভ’ বলেছেন স্নাইডার! খবরটি পড়েই তো স্নাইডারের মাথা খারাপ অবস্থা। সঙ্গে সঙ্গে পাল্টা বিবৃতি দিয়ে বলেছেন, ম্যারাডোনা, দুঙ্গাকে এ কথা বলেননি তিনি। ম্যাগাজিনটি তাঁর কথার ভুল অনুবাদ করেছে। স্নাইডারকে উদ্ধৃত করে হেলডেন লিখেছে, ‘ব্রাজিলের বিপক্ষে কঠিন প্রথমার্ধের পরও আমরা শান্ত ছিলাম। কোচ হিসেবে আমি দুই গর্দভ ম্যারাডোনা-দুঙ্গার চেয়ে ফন মারউইককেই বেছে নেব।’ কিন্তু স্নাইডারের দাবি, তিনি ম্যারাডোনা আর দুঙ্গার প্রসঙ্গে সরাসরি আসেননি। বিভিন্ন কোচের মধ্যে পার্থক্য বোঝাতে বলেছেন, একজন আরেকজনের সমকক্ষ হতে পারে না। তাঁর কথা নিয়ে ভুল বোঝাবুঝির জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।স্নাইডারের এই প্রতিবাদের পরই অবশ্য নিজেদের ওয়েবসাইট থেকে ‘গর্দভ’ শব্দটি কেটে ফেলেছে হেলডেন। ডাচ ফুটবল ফেডারেশনও এক বিবৃতিতে বলেছে, ‘স্নাইডার শব্দটি উচ্চারণ করতেই পারে না।’ ওয়েবসাইট।