স্নাইডার-জিয়ানের দুইয়ে দুই
দুটি ম্যাচ, দুটি পেনাল্টি, দুটি গোল, দুবার ম্যাচ-সেরা—আসামোয়া জিয়ানের বিশ্বকাপটা কাটছে স্বপ্নের মতো। ঘানার এই ফরোয়ার্ডের মতো দু ম্যাচেই গোল পাননি কিন্তু ওয়েসলি স্নাইডার, তবুও সেরা টানা দু ম্যাচে। পরশুর আরেক সেরা ড্যানিয়েল অ্যাগার, তিন গোলের ম্যাচে সেরা হয়েছেন ক্যামেরুনের আক্রমণ ঠেকিয়ে।ডেনমার্কের বিপক্ষে প্রথম ম্যাচে স্নাইডার সেরা হয়েছিলেন গোল না করেই। পরশু গোল পেলেন, জাপানের বিপক্ষে হল্যান্ড জিতল তাঁর করা একমাত্র গোলে। স্নাইডারের ম্যাচ-সেরা হওয়া নিয়ে সংশয় তাই সামান্যই ছিল। তবে সেরা হতে পারতেন গোল না পেলেও। হল্যান্ড দলের তিনি প্রাণভোমরা। পরশুও মাঝমাঠ নিয়ন্ত্রণ করেছেন ইন্টার মিলানের এই মিডফিল্ডার, বেশির ভাগ আক্রমণ গড়ে উঠেছে তাঁকে ঘিরে। ম্যাচের প্রথম সুযোগটাও পেয়েছিলেন তিনি, ম্যাচের শুরুর দিকেই তাঁর দুরন্ত গতির এক ফ্রি-কিক উড়ে যায় গোলবারের সামান্য ওপর দিয়ে। গোল পাওয়া শটটিও ছিল তীব্র গতির, ২০ গজ দূর থেকে নেওয়া কিক জাপান গোলকিপার হাত লাগিয়েও ফেরাতে পারেননি। স্নাইডারের ধারাবাহিকতাকে পুঁজি করে এখন অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখছে ডাচরা।জার্সি নম্বর দেখলে মনে হবে ডিফেন্ডার, কিন্তু জিয়ান ধীরে ধীরে হয়ে উঠছেন ডিফেন্ডারদের আতঙ্ক। প্রতিপক্ষের সীমানায় বল পেলেই ভয়ংকর হয়ে উঠেছেন দু ম্যাচেই। পরশুও তাঁকে সামলাতে হিমশিম খেয়েছে অস্ট্রেলিয়ার ডিফেন্ডাররা। দু ম্যাচে দুটি গোলই পেনাল্টি থেকে, জিয়ানের কৃতিত্ব তবু কমছে না একটুও। দুটি গোলই ছিল গুরুত্বপূর্ণ, সার্বিয়ার বিপক্ষে তাঁর গোলে জিতেছিল ঘানা, অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরিয়েছে সমতা।অ্যাগারের ম্যাচ-সেরা হওয়া অবাক করতে পারে অনেককেই। ক্যামেরুনের বিপক্ষে ডেনমার্কের জয়সূচক গোলটি করেছেন ডেনিস রমেডাল, নিকলাস বেন্টনারের সমতা ফেরানো গোলটিও ছিল রমেডালের পাসেই। তবে বাঁচা-মরার লড়াইয়ে জিততে মরিয়া ক্যামেরুনের মুহুর্মুহু আক্রমণ ফিরিয়ে রমেডালকে ছাপিয়ে গেছেন লিভারপুল ডিফেন্ডার অ্যাগার।