স্নাইডারকে বিক্রি করবে ইন্টার
নতুন খেলোয়াড় চাই, নতুন খেলোয়াড় চাই। ইন্টার মিলানে কোচদের এই দাবি অনেক দিন ধরেই। সেদিক দিয়ে ভাগ্যবানই বলতে হবে ক্লদিও রানিয়েরিকে। না, এই কোচের চাহিদামতো ইন্টারের মালিক পক্ষ এখনই দলবদলের বাজারে ঝাঁপিয়ে পড়েনি। তবে পয়েন্ট তালিকায় উন্নতির আশায় শিগগিরই তারা নতুন খেলোয়াড় কিনবে। আর সে জন্য যে অর্থের প্রয়োজন, সেই টাকা জোগাড় করতে ওয়েসলি স্নাইডারকে বিক্রি করবে ইন্টার!হ্যাঁ, স্নাইডারকে বিক্রি করে তহবিল বাড়াবে ইন্টার। লক্ষ্য এবারের শীতকালীন দলবদলেই স্নাইডারকে বড় অঙ্কের টাকায় বিক্রি করে সেই টাকা দিয়ে রানিয়েরির পছন্দমতো খেলোয়াড় কেনা। গত গ্রীষ্মের দলবদলে ২৭ বছর বয়সী মিডফিল্ডারকে নিতে চেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। স্নাইডারকে নিয়ে ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসনের আগ্রহ যে এখনো কমেনি, পরশুই তার প্রমাণ মিলল। এমনিতে শীতকালীন দলবদলে নতুন খেলোয়াড় ম্যানইউ কিনবে না বলেই খবর। কিন্তু ফার্গুসন এখন বলছেন, ফুটবলে শেষ কথা বলে কিছু নেই, ‘যদি সত্যিকারের শীর্ষ পর্যায়ের কোনো খেলোয়াড়কে পাওয়া যায়, আমরা তখন তার জন্য লড়ব। আরও কোনো খেলোয়াড় মারাত্মক চোট-সমস্যার শিকার হলে দলে নতুন খেলোয়াড় যোগ করাটা গুরুত্বপূর্ণই হয়ে পড়বে।’ ইন্টার-ম্যানইউর ইচ্ছা কি পূরণ হবে? প্রত্যাশিত ক্লাব হলে ইন্টারে পাওয়া সাপ্তাহিক দুই লাখ পাউন্ড বেতন থেকে স্নাইডারও কিন্তু ছাড় দিতে রাজি! ওয়েবসাইট।