স্নাইডাররা সতর্ক

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এক প্রকার উড়িয়ে দিয়েই বিশ্বকাপ শুরু। গোটা বিশ্বও এরপর থেকে মেতেছে কমলা-বন্দনায়। ফুটবলবোদ্ধাদের অনেকেই এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে দেখতে শুরু করেছেন ডাচদের। চুয়াত্তর, আটাত্তর আর ২০১০-এর মতো আরও একটি ‘কমলা বিশ্বকাপ’ দেখার প্রত্যাশায় বুকও বেঁধেছেন অনেকে। পাহাড়সম এই প্রত্যাশা যেন দলের তরুণদের মধ্যে কোনো মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি না করতে পারে, সেই দায়িত্ব নিয়েছেন দলের অভিজ্ঞ সেনানীরাই। স্পেনের বিপক্ষে দুর্দান্ত ম্যাচটির প্রশংসা যেন তাদের অতিরিক্ত আত্মবিশ্বাসী করে না তোলে, সে ব্যাপারটি নিয়েই সতর্ক স্নাইডার-রোবেন-ফন পার্সিরা। আত্মবিশ্বাসকে শক্তি বানিয়ে নিজের সেরাটা ঢেলে দিতে তারা তরুণদের অনুপ্রাণিত করে যাচ্ছেন নিরন্তর।
‘ওটা কেবল একটা জয়ই’—স্পেনের বিপক্ষে অবিস্মরণীয় জয়টিকে কেবল একটি ‘জয়’ হিসেবেই দেখতে চান ডাচ ফরোয়ার্ড ওয়েসলি স্নাইডার। এখন মাটিতে পা রেখে বিশ্বকাপ মিশনে বড় সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই পাখির চোখ করতে চান স্নাইডার, ‘স্পেনের বিপক্ষে আমরা যেমনই খেলি না কেন, সেটা তিন পয়েন্টের বেশি কিছু ছিল না। সবাইকে মাটিতে পা রাখতে হবে। দলে নবীন যারা আছে, তাদের পা মাটিতে রাখতে শেখানোর দায়িত্ব আমাদের মতো দলের অভিজ্ঞদেরই।’
তরুণেরাও অভিজ্ঞদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে উজ্জীবিত। তারাও জানেন, প্রথম ম্যাচে যা-ই হোক না কেন, পরের ম্যাচগুলোর ওপরই নির্ভর করছে সবকিছু। বিশ্বকাপ তো শুরু হলো মাত্র। এখনো বাকি পথচলার অনেকটাই।
আপাতত তরুণেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি নিয়েই ভাবছেন বলে জানিয়েছেন স্নাইডার, ‘আপাতত দলের সবারই লক্ষ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি। সেই ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট তুলে নিয়েই আরও সামনের দিকে তাকানো যাবে।’