স্নাইডারের অন্য জীবন
জোহানেসবার্গের উইটস রাগবি স্টেডিয়ামে কাল দুই ঘণ্টা অনুশীলন করল হল্যান্ড। শেষ লড়াইয়ের শেষ প্রস্তুতি, রুদ্ধদ্বার হওয়াই উচিত। দলের সঙ্গে সম্পৃক্তরা ছাড়া কারোরই সেখানে প্রবেশাধিকার ছিল না। বলতে গেলে কাকপক্ষীও নয়। কিন্তু একজন কি সেখানে ছিলেন, যাঁর নাম ইয়োলান্থা কাবু ফন কাসবার্জেন? উত্তরটা সম্ভবত ‘না’। হল্যান্ড ফুটবল দলের সংস্কৃতি ইংল্যান্ড বা অন্য দলের মতো অতটা উদার নয় যে, কোনো খেলোয়াড়ের বান্ধবীও প্র্যাকটিস সেশনে উপস্থিত থাকতে পারেন। কাসবার্জেন হয়তো দূরে অপেক্ষমাণ সাংবাদিক ক্যারাভ্যানেই মিশে ছিলেন! তা-ই বা কী করে হয়! তিনি জানেন ওয়েসলি স্নাইডারের বান্ধবীর বাইরেও তাঁর যে সেলিব্রিটি ভাবমূর্তি, তাতে ওখানে গিয়ে দাঁড়ানো সম্ভব নয়।অথচ কাসবার্জেন যেন সৌভাগ্যের এক টুকরো বাতাস উড়িয়ে এনেছেন হল্যান্ড দলে। টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে, ৯ জুন ছিল স্নাইডারের ২৬তম জন্মদিন। টিম হোটেলে আমন্ত্রিত হয়েছিলেন কাসবার্জেন। স্নাইডারকে জানালেন শুভেচ্ছা, দলের জন্যও রেখে গেলেন শুভেচ্ছা রাশি। আর কী আশ্চর্য সেই যে জয় দিয়ে শুরু করল হল্যান্ড, জয়ের ভেলায় ভাসতে ভাসতেই তারা পৌঁছে গেল ফাইনালে। স্নাইডার শুরু থেকেই হয়তো সেভাবে আলো ছড়াননি, কিন্তু আসল সময়ে ঠিকই নায়ক। গোলের সবগুলো মুহূর্তেই উজ্জ্বল। এভাবে তিনি ছয় ম্যাচের চারটিরই সেরা খেলোয়াড়। কোন গোপন মন্ত্র স্নাইডারের কানে কানে জপে এসেছিলেন কাসবার্জেন? কিছুই না, যেমন করে টেলিভিশনের পর্দায় মিষ্টি হাসি দিয়ে জয় করে নেন দর্শক-হূদয়, তেমন করেই সাংবাদিকদের বললেন, ‘আমার শরীরে তাঁর জন্য আঁকা উল্কিটা দেখিয়ে শুধু বলেছি, আমিই তোমার চিরজীবনের সঙ্গী।’ইয়োলান্থা কাসবার্জেন স্নাইডারের জীবনে এসেছেন ২০০৯ সালের জানুয়ারিতে। আর এসেই কিনা তাঁকে সারা জীবনের জন্য অধিকার করে নিলেন। অনেকেই অবাক হন, বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে থাকেন ২৫ বছর বয়সী এই ডাচ অভিনেত্রী, জাতীয় টেলিভিশন বিএনএনের উপস্থাপিকা মডেল কন্যার দিকে। তাঁকে যে এরও আগে দেখা গেছে ডাচ পপতারকা ইয়ান স্মিথের বাহুডোরে! আড়াই বছর তাঁরা ছিলেন দুজনে দুজনার। ‘দ্য হর্সেন অব ম্যারুম’ সোপ অপেরায় অভিনয় করেছেন কাসবার্জেন, স্মিথও উপস্থিত ছিলেন কয়েকটি পর্বে। প্রজাপতি কিংবা ফড়িংয়ের ডানায় ভর দিয়ে চলছিল দুজনের জীবন। স্মিথ নিজের লেখা গানে সুর করে তা উৎসর্গ করেন কাসবার্জেনকে, ‘ইক জিং ডিয়েট লিয়েড ভুর জো অ্যালিন’—এ গান শুধু তোমারই জন্য। টপ চার্টে উঠে যায় তাঁর নাম। তারপর...তার পর দুজনার দুটি পথ দুই দিকেই গেল বেঁকে। কাসবার্জেন-স্মিথের মাঝখানে ঢুঁ মারলেন স্নাইডার। একটা ত্রিভুজ প্রেমের গল্প জমে ওঠে। সেই গল্পের শেষে কাসবার্জেনের কাছে স্মিথ ভুলে যাওয়া নাম। নায়িকা কাসবার্জেন মিলানে এসে মাঝেমধ্যেই আশ্রয় নেন স্নাইডারের কাছে। এমনই তাঁর জাদুকরি সঙ্গ যে প্রতিপক্ষের ডিফেন্স ছিঁড়েখুঁড়ে ফেলা স্ট্রাইকার ক্যাথলিক ধর্মে পর্যন্ত দীক্ষা নিতে বাধ্য হন। একটা লুকোছাপা এখনো চলছে, তবে ডাচ মিডিয়া নিঃসংশয়, গত এপ্রিলে তাঁরা বিয়েটাও সেরে ফেলেছেন।স্নাইডার-কাসবার্জেন যখন প্রজাপতির ডানায় উড়ে বেড়াচ্ছেন, ওদিকে একাকী নীরবে কাঁদছিলেন আরেক ২৫ বছর বয়সী—র্যামোনা স্ট্রিকস্ট্রা। সাদা গাউন পরা যে মেয়েটিকে ভরা গির্জায় পাদরির সামনে ২০০৫ সালের ১৮ জুন আংটি পরিয়ে স্নাইডার বলেছিলেন, ‘আমি তোমার সারা জীবনের সঙ্গী।’ সেপ্টেম্বর, ২০০৬-এর কোনো এক সুন্দর সকালে র্যামোনার কোল আলো করে এল জেসি। ছোট্ট ছেলের সঙ্গে র্যামোনা-স্নাইডারের কত সব মধুর ছবি জমা হলো অ্যালবামে অ্যালবামে। কিন্তু একসময় সব ছবি স্মৃতি হয়ে গেল। র্যামোনাকে সরে যেতে হলো স্নাইডারের জীবন থেকে। বিচ্ছেদ মামলায় জেতা ৬ মিলিয়ন ইউরো অর্থ নিয়ে এখন জীবন কাটাচ্ছেন ডাচ সুন্দরী। আর বিশ্বকাপে দেখছেন স্নাইডারের ঝোড়ো পারফরম্যান্স, যা ভেঙে দিচ্ছে একের পর এক প্রতিপক্ষের প্রতিরোধ।৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার স্নাইডার আসলেই একটা ঝড়। অস্থির, চঞ্চলমতি। কোনো জায়গাতেই সুস্থির থাকতে জানেন না। আয়াক্স থেকে গেলেন রিয়াল মাদ্রিদে, এক বছরের মাথায় সেখান থেকে ইন্টার মিলানে। এই বিশ্বকাপ তাঁকে এনে দিতে পারে গোল্ডেন বুট কিংবা গোল্ডেন বল, একই সঙ্গে দুটিই। এত আলো গায়ে মাখার পর ইন্টার মিলানেও কি থাকবেন? সেই উত্তর বোধ হয় দিতে পারে একমাত্র সময়।শুধু ঝড়ই বা বলেন কী করে স্নাইডারকে? তিনি প্রতিপক্ষের পেনাল্টি বক্সে নিপুণ শিকারি, প্রেমের ক্ষেত্রেও তাই। রিয়াল মাদ্রিদ থেকে তাঁর চলে আসার কারণ প্রত্যাখ্যাত হওয়া কিংবা দলটির কাছে ‘অতিরিক্ত’ হয়ে পড়া। কিন্তু এ নিয়ে এখনো জোর গুঞ্জন চলে, খেলায় অমনোযোগী হয়ে পড়েছিলেন প্রেমের কারণে। স্লোভাকিয়ান টেনিস তারকা দানিয়েলা হানতুচোভার সঙ্গে প্রেমই তাঁকে পাগল করে দিয়েছিল।কিন্তু এখন স্নাইডার আর অস্থিরমতি নন। তাঁর পাশে আছেন কাসবার্জেন। অর্ধেক স্প্যানিশ মেয়েটি (বাবা স্প্যানিশ) স্পেন-বধের একটা মন্ত্র তাঁকে নিশ্চয়ই দেবেন। পেনাল্টি বক্সে নিপুণ শিকারি হয়ে আরেকবার শুধু মোক্ষম লক্ষ্যে একটা তীর ছুড়বেন। প্রথমবারের মতো শিরোপা উঠবে হল্যান্ডের হাতে। ইয়ান স্মিথ গাইবেন, ‘অ্যালস ডি মর্গেন ইজ গেকোমেন’—যখন ভোর হলো এই মোহনায়। কাসবার্জেন, স্নাইডার, স্মিথ ত্রিভুজে দাঁড়িয়েও একটা মোহনার দিকেই তো তাকিয়ে আছেন। বিশ্ব শিরোপা, হল্যান্ডের সাফল্য!