স্নাইডারের প্রত্যাবর্তন

ভাগ্যিস, গোখান সাকি ছিলেন!
কাল ব্রাজিলযাত্রা নিশ্চিত হওয়ার পর ওয়েসলি স্নাইডার তুরস্কের এই কিক-বক্সারকে নিশ্চিতভাবেই স্মরণ করেছেন। হেভিওয়েট কিক-বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়ন এই তুর্কির কারণেই যে কাল ঘোষিত হল্যান্ডের বিশ্বকাপ দলে স্নাইডার। ইউরোপের আলো ঝলমলে শীর্ষ ফুটবল লিগ ছেড়ে তুরস্কে পাড়ি জমিয়ে আলো থেকেই সরে গিয়েছিলেন ডাচ মিডফিল্ডার। গ্যালাতাসারাইয়ে যাওয়ার পর ওজন বাড়িয়ে ফিটনেসেরও বারোটা বাজিয়ে ছেড়েছিলেন। জাতীয় দলের কোচ লুই ফন গালের আনুকূল্য হারিয়ে তো গত বছর বাদই পড়ে যান জাতীয় দল থেকে।
সেই স্নাইডার শুধু বিশ্বকাপ দলে জায়গাই করে নেননি, কুড়িয়ে নিয়েছেন ফন গালের প্রশংসাও। স্নাইডারের দিন বদলাতে মূল ভূমিকা কিন্তু ওই গোখান সাকিরই। তা কী করেছেন সাকি? স্নাইডারকে নতুন করে ফুটবলের পাঠ দেননি সেটা বলাই বাহুল্য। সাকির অবদানটা এই—মুটিয়ে যাওয়া, ওজন বাড়িয়ে ফেলা স্নাইডারকে মেদ ঝরিয়ে পুরোনো চেহারায় ফিরিয়ে আনা। বিশ্বকাপ খেলার মতো ফিটনেস ফিরে পেতে সাকির পরামর্শ মেনে অনুশীলন করেই ব্রাজিলে যাচ্ছেন স্নাইডার। ২৯ বছর বয়সী স্নাইডারের জন্য রীতিমতো মিলিটারি রুটিনই বেঁধে দিয়েছিলেন সাকি। পরিশ্রমের ফল মিলল হাতেনাতেই।
কৃতজ্ঞ স্নাইডার সাকিকে ধন্যবাদ দিতে ভোলেননি, ‘তাঁকে ধন্যবাদ। ২২ বছর বয়সে আমার যে ওজন ছিল এখন সেই ওজনটাই ফিরে পেয়েছি। পায়ের কাজ ও ক্ষিপ্রতাতেও পুরোনো দিনের নিজেকে ফিরে পেয়েছি।’
তাঁকে আরেকটি সুযোগ দেওয়ার জন্য স্নাইডার ধন্যবাদ দিয়েছেন কোচ ফন গালকেও। দুজনের সম্পর্কটা যেমন চলছিল, তাতে স্নাইডারের প্রাথমিক দলেও ডাক পাওয়ার কথা না। সব সময়ই স্নাইডারের খঁুত খঁুজে বেড়ানো ফন গাল ২০১২ সালে দ্বিতীয়বারের মতো হল্যান্ডের দায়িত্ব নিয়েই কেড়ে নেন স্নাইডারের অধিনায়কের আর্মব্যান্ড। কারণ হিসেবে বড় লিগ ছেড়ে গ্যালাতাসারাইয়ে যাওয়াটাকেই বড় কারণ দেখিয়েছিলেন ফন গাল, ‘আমি বুঝি না ৩০ বছরের কম বয়সী তাঁর মতো প্রতিভা এই সিদ্ধান্ত কীভাবে নেয়।’ তুরস্কে গিয়ে খেলাটাও যেন ভুলে গিয়েছিলেন একসময় আয়াক্স, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের হয়ে মাঠ মাতানো স্নাইডার। এরপরই ডাচ দল থেকে তাঁকে বাদ দিতে গিয়ে ফন গাল স্নাইডারের শারীরিক অবস্থাকে খোঁটা দিয়ে বলেন, ‘আজকাল তো প্রতিপক্ষের অর্ধের চেয়ে ওয়েসলিকে পার্টিতেই বেশি দেখা যায়।’
সেই ফন গালই এখন প্রশংসায় ভাসাচ্ছেন শিষ্যকে। পর্তুগালের অনুশীলন শিবিরে স্নাইডারকে দেখে পুরোপুরিই মুগ্ধ কোচ, ‘ধন্যবাদটা পুরোপুরিই ওর প্রাপ্য। সে যদি ফর্মটা ধরে রাখে দলকে সে অনেক কিছুই দিতে পারে। তাঁর সঙ্গে রোবেন ও ফন পার্সিকে নিয়ে হল্যান্ডের আক্রমণটা বিশ্বেরই অন্যতম সেরা।’
দুজনের সম্পর্কটা এখন এতটাই উষ্ণ যে, গণমাধ্যম এমনও বলছে স্নাইডারকে নিয়েই ম্যানচেস্টারে যাবেন ফন গাল। এএফপি।
হল্যান্ডের বিশ্বকাপ দল
গোলরক্ষক: ইয়াসপার সিলেসেন, টিম ক্রাল, মিশেল ভর্ম।
ডিফেন্ডার: ডেলি ব্লাইন্ড, ইওয়েল ভেল্টমান, স্টেফান ডি ভ্রাই, ডেরিল ইয়ানমাট, টেরেন্স কঙ্গোলো, ব্রুনো মার্টিনস ইন্ডি, পল ফারহা, রন ভ্লার।
মিডফিল্ডার: ইয়র্ডি ক্লাসি, ইয়োনাথন ডি গুজমান, নাইজেল ডি ইয়ং, লেরয় ফার, আরিয়েন রোবেন, ওয়েসলি স্নাইডার, জর্জিনিয়ো ভাইনালডম৷
ফরোয়ার্ড: মেম্ফিস ডিপাই, ক্লাস-ইয়ান হান্টেলার, ডার্ক কাউট, জারেমেইন লেনস, রবিন ফন পার্সি।