স্নাইডারের মনে হচ্ছে গোল করবেন!
সময় অনেক কিছুই ভুলিয়ে দেয়। ঢেকে দেয় অনেক পুরোনো ক্ষত। ওয়েসলি স্নাইডারের অভিমান এত দিনে হয়তো কমেছে। রিয়াল মাদ্রিদ থেকে একরকম ‘বিতাড়িতই’ হয়েছিলেন চার বছর আগে। পুরোনো ক্লাবের সঙ্গে জমে থাকা কিছু দেনা-পাওনা চুকিয়ে ফেলার সুযোগটা অবশ্য এবার পাচ্ছেন। কালই চ্যাম্পিয়নস লিগে রিয়ালের মুখোমুখি স্নাইডারের বর্তমান ক্লাব গ্যালাতাসারাই। অথচ ২৭ মিলিয়ন ইউরো চুক্তিতে আয়াক্স থেকে যখন রিয়ালে গিয়েছিলেন, তখন ‘গ্যালাকটিকো’দের যোগ্য উত্তরসূরিই মনে করা হয়েছিল তাঁকে। অভিষেকেই মাদ্রিদ ডার্বিতে গোল করে দিয়েছিলেন সেই আভাস। অথচ দুই বছর পরই পাততাড়ি গুটাতে হলো বার্নাব্যু থেকে। নিজে কিন্তু থেকে যেতে চেয়েছিলেন। মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে অবশ্য বলছেন রিয়ালের সময়টা দারুণই কেটেছে তাঁর, ‘মাদ্রিদে আমার দারুণ কিছু স্মৃতি আছে। এখনো সেখানে আমার অনেক বন্ধু আছে। দল ও সমর্থকদের নিয়ে আছে মনে রাখার মতো স্মৃতি। এমন কোনো কারণ নেই, যাতে সেই সময়ের কোনো বাজে স্মৃতি আমাকে মনে রাখতে হবে।’অন্য কিছু নয়, কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নিজের ব্যক্তিগত সমস্যাকে, ‘প্রথম মৌসুমটা ভালোই কাটিয়েছিলাম। লিগও জিতলাম। ফুটবলটা উপভোগ করছিলাম। এরপর ব্যক্তিগত সমস্যার জন্য বাজে একটা মৌসুম কাটালাম।’২০০৯ সালে রিয়াল থেকে ইন্টারে যাওয়ার পর স্নাইডার যেন আরও দুর্দান্ত। ইতালিয়ান মিডিয়া তো চুলচেরা পাস ও দূরপাল্লার মাপা শটের জন্য তাঁর নাম দিয়েছিল ‘দ্য স্নাইপার’। চ্যাম্পিয়নস লিগও জিতেছিলেন ইন্টারের হয়ে। সেটাও হোসে মরিনহোর দেখানো পথেই। মজার ব্যাপার হলো, সেই মরিনহোই কাল ছক কষবেন তাঁকে বোতলবন্দী করে রাখতে। পুরোনো সতীর্থদের সঙ্গে পুরোনো গুরু, স্নাইডারের জন্য ম্যাচটা আসলেই ‘স্পেশাল’ হতে যাচ্ছে! রিয়ালের বিষোদ্গার করেননি, তাই বলে রোনালদো-পার্সিদের মতো পুরোনো ক্লাবের বিপক্ষে গোল করে তা উদ্যাপন না করার লোক নন ডাচ মিডফিল্ডার। নিজেও সেটা নিশ্চিত করেছেন, ‘গোল করাটা হবে রোমাঞ্চকর। আমি বলছি না গোল করলে সেটা উদ্যাপন করব না, কারণ আমার মনে হচ্ছে আমি গোল করব। জানি না ঠিক সেই মুহূর্তে আমার প্রতিক্রিয়া কী হবে, কিন্তু গোলটা হবে স্পেশাল।’ ওয়েবসাইট।