স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে অবাক হওয়ার কিছু নেই: বয়কট
পাকিস্তানি ক্রিকেটারদের স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে গোটা ক্রিকেট অঙ্গনেই বেশ শোরগোল পড়ে গেলেও এতে খুব একটা অবাক হননি সাবেক ইংলিশ অধিনায়ক জিওফ বয়কট। কর্তৃপক্ষ শক্ত কোনো পদক্ষেপ না নেওয়ার কারণেই পাকিস্তানি ক্রিকেটাররা বারবার এ রকম দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন বলে মনে করেন বয়কট।ডেইলি টেলিগ্রাফে এক কলামে বয়কট লিখেছেন, ‘পাকিস্তানের ক্রিকেটাররা বারবার এ রকম কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন, এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ তারা এই ঘটনাগুলো কখনোই ঠিকমতো মোকাবিলা করে না। দোষী খেলোয়াড়দের প্রথমে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু কয়েক মাসের মধ্যেই তাঁরা আবার ফিরে আসেন, যেন কিছুই ঘটেনি। লর্ডস টেস্টে যা ঘটল, তার জন্য পাকিস্তানের অনুশোচনা হওয়া উচিত। অন্ধ সেজে থাকার চেষ্টা করার কোনো মানে হয় না।’স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত পাকিস্তানি তিন ক্রিকেটারের কঠোর শাস্তি হওয়া উচিত বলে মনে করেন বয়কট। তবে আমিরের বয়সের কথা বিবেচনা করে তার জন্য শাস্তিটা কিছুটা কমিয়ে আনা যেতে পারে বলে মত দিয়েছেন তিনি। ‘আমিরের বয়স মাত্র ১৮ বছর। তাঁকে তাঁর সিনিয়ররাই এই পথে নিয়ে গেছেন। তবুও যদি দোষী প্রমাণিত হন, তাহলে তাঁকেও দীর্ঘ সময়ের জন্য নিষিদ্ধ করা উচিত। হতে পারে সেটা ৭ বছর। আর অন্যদের ক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, কারণ তাঁদের ক্ষেত্রে কোনো অজুহাতই খাটে না।’ বলেছেন বয়কট। টাইমস অব ইন্ডিয়া