স্পট ফিক্সিং চলে নিয়মিতই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার পেছনে একটা বড় অবদান আছে ভারতের ঘরোয়া লিগ আইপিএলের। কিন্তু তাতে স্পট ফিক্সিংয়ের খবর ফাঁস হয়ে যাওয়ার পর তোলপাড় শুরু হয়েছে ক্রিকেট বিশ্বে। স্পট ফিক্সিংয়ের দায়ে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার—শ্রীশান্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ। আর সেখান থেকে বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। আঁচ করা যাচ্ছে, শুধু এবারই নয়, হয়তো গত মৌসুমেও ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত ছিলেন দুর্নীতিপরায়ণ ক্রিকেটাররা।নানা ধরনের সংকেত আর প্রতীকের মাধ্যমে পরিচালিত হতো এই স্পট ফিক্সিংয়ের কাণ্ড। ৯ মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে স্পট ফিক্সিং করেন শ্রীশান্ত। ঠিক হয়েছিল, নিজের দ্বিতীয় ওভার শুরুর আগে ট্রাউজারের ওপর তোয়ালে রাখবেন শ্রীশান্ত; এরপর ওভারটা শেষ করতে বাড়তি সময় নেবেন, যাতে জুয়াড়িরা যথেষ্ট আয়ের ব্যবস্থা করতে পারে। সত্যি দেখা গেছে, ওভারের আগে তোয়ালে চেয়েছেন শ্রীশান্ত; এরপর স্ট্রেচিং করাসহ গা গরম করতে অনেকটা সময় নেন তিনি। এভাবে চান্ডিলারও একটা সংকেত দেখিয়ে এক ওভারে ১৪ রান দেওয়ার কথা ছিল। জুয়াড়িদের কথামতো ১৪ রান দিলেও ওভার শুরুর আগের সংকেতটা দেখাননি চান্ডিলা। পরে ম্যাচ শেষে ওই টাকা ফেরত চায় জুয়াড়ি। এ রকম পরিস্থিতিতে চান্ডিলাকে বলতে শোনা যায়, ‘আরে বন্ধু, এটা তো গত বছরও হয়েছিল। আমরা সব ঠিকঠাক করে নেব।’ তার মানে, গত বছরও এ ধরনের জুয়াড়ি চক্রের সঙ্গে জড়িত ছিলেন এই বোলার। এই সন্দেহ থেকেই গত বছরের আইপিএলের সব ম্যাচ পর্যালোচনা শুরু করেছে দিল্লি পুলিশ। এখন পর্যন্ত গত মৌসুমের একটি ম্যাচ নিয়ে জোর সন্দেহ তদন্ত কর্মকর্তাদের। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচে জয়ের জন্য ১২ বলে ১৫ রান দরকার ছিল রাজস্থানের। কিন্তু ওই ম্যাচে হার নিয়ে মাঠ ছেড়েছিল তারা। জুয়াড়ি অমিত সিংও ম্যাচটি নিয়ে নিজের সন্দেহের কথা জানিয়েছেন দিল্লি পুলিশকে। এখন এই তদন্ত শুধু রাজস্থান রয়্যালসের ম্যাচগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছেন দিল্লি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ফলে আইপিএলের আরও অনেক খেলোয়াড়কেই হয়তো পড়তে হবে পুলিশি জেরার মুখে। আর সেখান থেকে নতুন নতুন মুখের সন্ধান পাওয়া গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। টাইমস নিউজ নেটওয়ার্ক।