স্পট ফিক্সিং নিয়ে বিসিবি সভাপতি যা বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের পর বিপিএলও জড়িয়ে পড়েছে স্পট ফিক্সিং বিতর্কে। ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ইতিমধ্যে স্বীকারই করে নিয়েছেন স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার কথা। তাঁর স্বীকারোক্তি বিপিএল ছাড়িয়ে চলে এসেছে আন্তর্জাতিক অঙ্গনেও। আর ক্রীড়া জগতের এই দুর্নীতির সঙ্গে নাম জড়িয়ে গেছে বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক খালেদ মাহমুদ ও খালেদ মাসুদ এবং সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও পুরো ঘটনার তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ক্রিকেট অঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।বিপিএলের দ্বিতীয় আসরে গত ২ ফেব্রুয়ারি ঢাকা গ্ল্যাডিয়েটরস ও চিটাগং কিংসের মধ্যকার ম্যাচটিই ছিল সবচেয়ে বেশি বিতর্কিত। শিরোপাজয়ী ঢাকার আরও দুটি ম্যাচেও স্পট ফিক্সিংয়ের প্রমাণ পেয়েছে আইসিসির দুর্নীতিবিরোধী বিভাগ আকসু। বিপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করার পর আশরাফুল বুঝতে পারেন যে, তাঁকে শাস্তি পেতেই হবে। সেটির মাত্রা যেন কম হয়, তা ভেবেই তিনি সবকিছু খুলে বলার সিদ্ধান্ত নেন। আর এর ফলেই বেরিয়ে এসেছে বাংলাদেশের সাবেক তিন তারকা ক্রিকেটারের নাম। এ প্রসঙ্গে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেছেন, ‘আমি এ বিষয়টি শুনেছি। যাঁদের নাম এসেছে তাঁরা সবাই যে বাংলাদেশ ক্রিকেটের অগ্রযাত্রায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আকসুর তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই সবকিছু বোঝা যাবে।’ এ সময় বাংলাদেশের ক্রিকেট অঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন বিসিবি সভাপতি।