স্পট ফিক্সিং বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চান ওয়াকার
আর মাত্র দুই মাস পরেই শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা ক্রিকেট বিশ্বকাপ। অংশগ্রহণকারী প্রায় সব কটি দেশ এখন থেকেই বিশ্বকাপে তাদের সম্ভাব্য দল নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। সাম্প্রতিক পারফরমেন্স, অভিজ্ঞতা ইত্যাদির চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে যাচাই করা হচ্ছে খেলোয়াড়দের সম্ভাব্যতা। ব্যতিক্রম শুধু পাকিস্তান। স্পট ফিক্সিং বিতর্কের ঘেরাটোপে আটকে পড়ায় কাকে কাকে তারা বিশ্বকাপ দলের জন্য অন্তর্ভুক্ত করতে পারবে, সেটাই এখনো নিশ্চিত হতে পারছে না ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ীরা।স্পট ফিক্সিংয়ের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের বিপক্ষে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে আইসিসি। কিন্তু এ তিনজন বাদে আরও চারজন অভিজ্ঞ ক্রিকেটার কামরান আকমল, শোয়েব মালিক, রানা নাভেদ ও দানিশ কানেরিয়াও আইসিসির সন্দেহভাজনদের তালিকায় থাকায় এখনো বিশ্বকাপে অংশগ্রহণের ছাড়পত্র পাননি। কবে তাঁদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে, সে ব্যাপারেও এখনো কোনো ইঙ্গিত দেয়নি আইসিসি। আর এ ব্যাপারটা কিছুটা ক্ষুব্ধই করে তুলেছে পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুসকে। খুব দ্রুতই স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত এই ক্রিকেটারদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আইসিসিকে তাগাদা দিয়ে তিনি বলেছেন, ‘আমাদের খুব দ্রুতই জানা দরকার যে বিশ্বকাপের জন্য কারা খেলতে পারবে আর কারা পারবে না। তাহলে আমরা আমাদের সামনের কাজগুলো নিয়ে চিন্তা-ভাবনা শুরু করতে পারব।’এর আগের দুটি বিশ্বকাপেই পাকিস্তানকে বিদায় নিতে হয়েছিল প্রথম রাউন্ড থেকেই। এবারও পাকিস্তান প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারবে কি না, তা নিয়েও সংশয়ে আছে অনেকেই। এমনকি বিশ্বকাপ দলের সম্ভাব্য অধিনায়ক শহীদ আফ্রিদিও পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি ঠিকভাবে হচ্ছে না বলে মন্তব্য করেছিলেন। কিন্তু ওয়াকার অবশ্য আফ্রিদির এ দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হতে পারেননি। বিশ্বকাপ প্রস্তুতি ভালোভাবেই হচ্ছে এবং সামনের নিউজিল্যান্ড সফরে পাকিস্তান নিজেদের আরও ভালোভাবে ঝালাই করে নেওয়ার সুযোগ পাবে বলেই আশাবাদী পাকিস্তানের এই কিংবদন্তি পেস বোলার। বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে এ মাসের শেষ থেকে নিউজিল্যান্ড সফরে পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও ছয়টি ওয়ানডে ম্যাচ খেলবে। টাইমস অব ইন্ডিয়া।