স্পট ফিক্সিং মামলার সাক্ষী আফ্রিদি
স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ ত্রয়ী—বাট, আসিফ, আমিরের শুনানি হবে ৬-১১ জানুয়ারি। দোহার এই শুনানিতে সাক্ষ্য দিতে হবে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদিকে। যদিও তিনি বলছেন, তাঁর নতুন করে বলার কিছু নাই। যা বলার আগের জবানবন্দিতেই বলে দিয়েছেন।আইসিসির পক্ষ থেকে সশরীরে উপস্থিত থাকার জন্যই তলব করা হয়েছে। কিন্তু আফ্রিদি বলছেন, পারিবারিক ঝামেলার কারণে তিনি শুনানিতে অংশ নেবেন টেলিকনফারেন্সের মাধ্যমে। পাকিস্তানি দৈনিক জংকে গতকাল আফ্রিদি বলেছেন, ‘আমার যা বলার এবং আমি কী দেখেছি, তা আমি ইতিমধ্যেই বলে দিয়েছি। আমি আইসিসির সামনে মিথ্যে বলতে পারি না। কারণ ঘটনার যথেষ্ট তথ্য-প্রমাণ আগেই তাদের হাতে রয়েছে।’ স্পট ফিক্সিং নিয়ে আসিফ-আমির-বাটের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গেলে তাঁদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার আশঙ্কা তো থাকেই। তবে পাকিস্তানি অলরাউন্ডার নিজের ব্যাপারটা পরিষ্কারও করে রাখলেন এই বলে, ‘আমি বিবেকের কাছে পরিষ্কার...আমাকে মাজিদ (বাজিকর) ও তাঁর ভাই আজহার সম্পর্কে জিজ্ঞেস করা হয়। আমি তাঁদের সম্পর্কে যা জানি, আইসিসিকে সেটাই বলেছি।’গত মাসে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাছে আফ্রিদির সঙ্গে বিবৃতি দিয়েছেন কোচ ওয়াকার ইউনুস এবং দলটির নিরাপত্তাবিষয়ক ম্যানেজার খাজা নাজামও। দোহার শুনানিতে তাই তাঁদেরও ব্যবহার করবে মাইকেল বেলফের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। আফ্রিদির মতো কোচ ওয়াকার ইউনুসও শুনানিতে অংশ নেবেন টেলিকনফারেন্সের মাধ্যমে। কারণ ওয়াকার এখন পাকিস্তান দলের সঙ্গে রয়েছেন নিউজিল্যান্ড। পাকিস্তান-নিউজিল্যান্ড দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৭ জানুয়ারি থেকে। এএফপি।