স্পট ফিক্সিং মামলায় কানেরিয়ার নাম
ইংলিশ কাউন্টি ক্রিকেটে স্পট ফিক্সিং কেলেঙ্কারির ঘটনায় লন্ডনের আদালতে পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়ার নাম উঠে এসেছে।২০০৯ সালের সেপ্টেম্বরে ডুরহামের বিপক্ষে এক ম্যাচে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে অ্যাসেক্সের সাবেক বোলার মারভিন ওয়েস্টফিল্ডের বিপক্ষে মামলার কার্যক্রম চলছে। আজ শুক্রবার নিজের দোষ স্বীকার করে ওয়েস্টফিল্ড আদালতকে বলেন, কানেরিয়ার প্ররোচনায় তিনি স্পট ফিক্সিংয়ে জড়িয়েছিলেন।ওয়েস্টফিল্ডের দাবি, একটি ওভারে নির্দিষ্ট পরিমাণ রান দিলে তাঁকে প্রচুর অর্থ দেওয়া হবে বলে তাঁকে বলেছিলেন কানেরিয়া। ওয়েস্টফিল্ড স্বীকার করেন, ৪০ ওভারের ওই ম্যাচের প্রথম ওভারে ১২ রান দেওয়ার জন্য ৬ হাজার পাউন্ড নিয়েছিলেন তিনি। তবে ওই ওভারে মাত্র ১০ রান দিতে পেরেছিলেন তিনি।ওয়েস্টফিল্ডের বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে কানেরিয়ার আইনজীবী ফারুখ নাসিম করাচিতে বলেন, ‘তদন্ত শেষ হলেই কেবল পদক্ষেপ নিতে পারি আমরা। ওয়েস্টফিল্ড কানেরিয়ার বিপক্ষে বলেছে। কিন্তু আমার মক্কেলের বিরুদ্ধে করা অভিযোগের প্রমাণ তাঁকে আদালতের সামনে উপস্থাপন করতে হবে।’স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ২০১০ সালে কানেরিয়াকে গ্রেপ্তার করেছিল লন্ডনের পুলিশ। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছেড়ে দেওয়া হয় তাঁকে। সেই ঘটনা তুলে ধরে নাসিম বলেন, ‘পুলিশি তদন্তে কানেরিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাঁকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে। আইসিসিও কানেরিয়ার বিরুদ্ধে তদন্ত করে কিছু পায়নি। তাই আমরা মনে করি, এই মামলা থেকে কানেরিয়া অনেক আগেই মুক্ত হয়েছেন।’ সূত্র: ওয়েবসাইট।