স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার শ্রীশান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে দিল্লির পুলিশ গ্রেপ্তার করেছে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শ্রীশান্তকে। একই অভিযোগে শ্রীশান্তের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অনিকেত চবন ও অজিত চান্ডিলা নামের উঠতি দুই ক্রিকেটারকে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে সাতজন জুয়াড়িকে।গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে চলমান আইপিএলে মুম্বাই ও মোহালিতে অনুষ্ঠিত কয়েকটি ম্যাচে স্পট ফিক্সিংয়ের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজন খেলোয়াড় দিল্লি পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে।বেশ কয়েক দিন ধরেই শ্রীশান্তসহ গ্রেপ্তার হওয়া খেলোয়াড়েরা পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন। শক্ত প্রমাণ না থাকায় সুযোগ পাওয়া সত্ত্বেও এর আগে দুইবার পুলিশ খেলোয়াড়দের গ্রেপ্তারে অভিযান চালায়নি। শক্ত প্রমাণ হাতে পেয়েই গতকাল বুধবার রাতে মুম্বাইয়ের হোটেল ট্রাইডেন্ট থেকে এই তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়।‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া খেলোয়াড় ও জুয়াড়িদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অর্থ এবং সেই অর্থ লেনদেনের কিছু প্রমাণ পুলিশ জব্দ করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আজ মুম্বাই আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ড মঞ্জুর হলে তাঁদের মুম্বাই থেকে দিল্লিতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।আইপিএলে শ্রীশান্তসহ বাকি দুই ক্রিকেটার রাজস্থান রয়্যালসের পক্ষে খেলছেন। ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম স্বত্বাধিকারী ও বলিউড তারকা শিল্পা শেঠি ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানিয়েছেন, ‘পুরো ব্যাপারটিই আমাদের কাছে বজ্রাঘাতের মতো। তবে এ ব্যাপারে আরও জেনে-বুঝে আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে। আমরা বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি। ক্রিকেট বোর্ডকে এ বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাব।’