স্পট ফিক্সিংয়ের পর এবার ব্র্যাকেট ফিক্সিং!

ক্রিকেটের নতুন সমস্যা নাকি ব্র্যাকেট ফিক্সিং! অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহর বক্তব্য সঠিক হিসেবে ধরে নিলে স্পট ফিক্সিংয়ের পর নাকি বিস্তার লাভ করেছে এই ব্র্যাকেট ফিক্সিং। আর এটি চলে আসছে বেশ কয়েক বছর ধরেই।
‘ব্র্যাকেট ফিক্সিং’ শব্দবন্ধটা অনেকের কানে নতুন ঠেকতে পারে। এটা অনেকটা স্পট ফিক্সিংয়ের মতোই। তবে স্পট ফিক্সিংয়ে একটি নির্দিষ্ট মুহূর্তের বাজি ধরার বদলে এখানে ইনিংসের একটি নির্দিষ্ট সময়ের ঘটনাবলির ওপর বাজি ধরা হয়। ধরা যাক, ম্যাচের পঞ্চম থেকে দশম ওভারের মধ্যে কী ঘটবে, ব্র্যাকেট ফিক্সিংয়ের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করে জুয়াড়িরা।
অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক স্টিভ ওয়াহ তাঁর সদ্যপ্রকাশিত বইয়ে উল্লেখ করেছেন এই ব্র্যাকেট ফিক্সিংয়ের কথা। তাঁর মতে, ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে এই ফিক্সিং। এই মুহূর্তে ক্রিকেটে ঘটা ঘটনাগুলো দর্শক সন্দেহের চোখে দেখা শুরু করেছে, যা ক্রিকেটের জন্য সবচেয়ে ক্ষতিকর। ব্র্যাকেট ফিক্সিংয়ের কথা ২০১০ সালে এমসিসির ক্রিকেট কমিটির একটি সভায় তুলেছিলেন বলেও ওয়াহ তাঁর বইয়ে উল্লেখ করেছেন। ব্র্যাকেট ফিক্সিংয়ের সঙ্গে যে ক্রিকেট দলের অধিনায়কেরাও জড়িত থাকেন, সেটাও ওয়াহ এমসিরি সভায় স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন। ওয়াহর মতে, অধিনায়ক জড়িত না থাকলে কারও পক্ষে ব্র্যাকেট ফিক্সিং সম্ভব নয়।
ম্যাচ ফিক্সিং প্রথমে ঝড় তুলেছিল ক্রিকেট বিশ্বে। ২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে দোষী প্রমাণিত হয়েছিলেন হ্যানসি ক্রনিয়ে, সেলিম মালিক, মোহাম্মদ আজহারউদ্দিন, মনোজ প্রভাকর ও অজয় জাদেজার মতো ক্রিকেট তারকারা। এরও কয়েক বছর আগে জুয়াড়িদের কাছ থেকে ঘুষ নিয়ে তথ্য সরবরাহ করার অভিযোগ উঠেছিল শেন ওয়ার্ন ও মার্ক ওয়াহর বিরুদ্ধে।
আজ থেকে ১৩ বছর আগে ম্যাচ পাতানোর ব্যাপারটি চাউর হওয়ার পর এই দুর্নীতি ক্রিকেট থেকে বিদায় নিয়েছে—এমন ভাবনা যাদের ছিল, তাদের হতবুদ্ধি করে দিয়ে স্পট ফিক্সিং নামের নতুন এক ধরনের প্রতারণার খবর বেরিয়ে আসে। ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিং করে নিষিদ্ধ হন পাকিস্তানের তিন ক্রিকেটার—সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ।
ম্যাচ ফিক্সিংয়ে যেমন পুরো খেলার ফল পাল্টে দেওয়া যায়. স্পট ফিক্সিংয়ে ফল না পাল্টেই খেলার একটি নির্দিষ্ট মুহূর্তের ঘটনাবলি নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া চালানো হয়। অর্থাত্ একটি নির্দিষ্ট ওভারের নির্দিষ্ট বলে একজন বোলার নো বল করবেন কি না, কিংবা একটি নির্দিষ্ট ওভারের নির্দিষ্ট বলে কোনো ব্যাটসম্যান আউট হবেন কি না।
স্পট ফিক্সিংয়ের ভয়াবহ বিস্তার নিয়ে যখন ক্রিকেট বিশ্বে আলোড়ন, তখন ওয়াহ আরও বড় বিপদের আভাস দিচ্ছেন। বলছেন, ভাবতে হবে ব্র্যাকেট ফিক্সিং নিয়েও। সূত্র: জি নিউজ।