স্পনসরের সংবাদ সম্মেলনে অন্য বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনটা ছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের টাইটেল স্পনসর ঘোষণার। অল্প কিছুক্ষণের মধ্যে সেটা হয়েও গেল। সিরিজের স্পনসর ন্যাশনাল পলিমার, সঙ্গে আছে ওয়ালটনও। আর সিরিজের নাম ন্যাশনাল পলিমার ক্রিকেট সিরিজ।
এ ধরনের সংবাদ সম্মেলন যেমন হয় সেভাবেই এগোচ্ছিল সবকিছু। স্পনসরের নাম ঘোষণার পর ভবিষ্যতেও ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকার আশাবাদ জানালেন ন্যাশনাল পলিমারের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ ও নির্বাহী পরিচালক মোরশেদুল ইসলাম। হলো লোগো উন্মোচন। কিন্তু চিরাচরিত প্রথা থেকে সংবাদ সম্মেলনটা অন্য পথে চলে গেল প্রশ্নোত্তর পর্বে।
বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসের কাছে একজন বেমক্কা প্রশ্ন করে বসলেন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের তিন জাতি সিরিজ নিয়ে। বিশ্বকাপের আগেও যদি র্যাঙ্কিংয়ে উন্নতি আনতে অন্য দলগুলো এ রকম হুট করে সিরিজ আয়োজন করে, তখন বিসিবির ভূমিকা কী হবে? জালাল ইউনুস উত্তরটা ঠিকঠাকভাবেই শুরু করেছিলেন, ‘এখন আইসিসির এফটিপি নেই। কাজেই এখানে আইসিসি বা বাংলাদেশের হাত নেই। দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো করেও আমরা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ব্যাপারটি নিশ্চিত করতে পারি।’ তবে অন্য এক প্রশ্নের জবাবে একটু এলোমেলো শট খেলে ফেললেন তিনি, ‘যেদিন থেকে আইসিসি এফটিপি করা ছেড়ে দিয়েছে, ব্যাপারটি দ্বিপাক্ষিকভাবে ঠিক করার সিদ্ধান্ত নিয়েছে, সেদিন থেকেই সিস্টেম নষ্ট হয়ে গেছে। আমি এটা সমর্থন করি না। এটা সুস্থ প্রতিযোগিতা নয়।’ পরে আরেক প্রশ্নের জবাবে বলেছেন, ‘ব্যাপারটি যখন আইসিসি সদস্যদেশগুলোর হাতে ছেড়ে দিয়েছে, সেখানে অনেক কিছু নিজেদের স্বার্থে ব্যবহার করার সুযোগ আছে।’
আইসিসির আগের নিয়মের এফটিপিতেও তিন জাতি সিরিজ হতো ত্রিপক্ষীয় আলোচনার ভিত্তিতে। সেখানে আইসিসির কোনো ভূমিকা থাকত না। নতুন নিয়ম হওয়ার পর তো সেটা আরও নেই। কাজেই পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ের তিন জাতি সিরিজ খেলার সিদ্ধান্ত অন্যায় কিছু নয়। র্যাঙ্কিংয়ে নিজেদের উন্নতির চিন্তা তো সবাই-ই করতে চাইবে। এটা অবশ্য মানছেন মিডিয়া কমিটির প্রধানও, ‘আমি এখানে কোনো ষড়যন্ত্র দেখছি না। আইনের বাইরে তো কিছু হচ্ছে না। অধিকার সবারই আছে।’