‘পাকিস্তানি ক্রিকেটারদের গড়াপেটায় জড়িত থাকার বিষয়টি নতুন নয়। প্রায় প্রতিটি ম্যাচেই গড়াপেটা করে থাকেন ক্রিকেটাররা’—ইয়াসির হামিদের বরাত দিয়ে লর্ডস টেস্টে স্পট কেলেঙ্কারি ফাঁস করা ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড রোববার এমন খবর প্রকাশ করায় নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গতকাল সোমবার লন্ডনে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে হাজির হয়েছিলেন এই ব্যাটসম্যান। চার ঘণ্টা অবস্থান করার পর ইয়াসির হামিদের দেওয়া লিখিত বক্তব্য ভাষান্তর করে প্রকাশ করা হলো—‘আমার বরাত দিয়ে নিউজ অব দ্য ওয়ার্ল্ড যে খবর প্রকাশ করেছে, তার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করছি আমি। আপনাদের জানাতে চাই, নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সঙ্গে কখনোই আমার কথা হয়নি। এমনকি পাকিস্তান দল বা ক্রিকেটারদের নিয়ে পত্রিকাটির সঙ্গে জড়িত কারও সঙ্গে কথা বলিনি।’এরপর ইয়াসির হামিদ বলেন, ‘পত্রিকাটি বিকৃতভাবে যে ঘটনাটি তুলে ধরেছে তার ব্যাখ্যা দিচ্ছি আমি। গত ৩০ আগস্ট সোমবার সন্ধ্যায় আমি আমার বন্ধুদের সঙ্গে নটিংহামের একটি হোটেলে নৈশভোজ করছিলাম। এ সময় আবিদ খান নামের একজন পরিচয় দিয়ে ইতিহাদ এয়ারওয়েজের সঙ্গে একটি স্পন্সরশিপ চুক্তির প্রস্তাব দেন। এখন একটি ছবি দেখে বুঝতে পারি, সেই ব্যক্তি আসলে ছিলেন পত্রিকাটির সাংবাদিক মাজহার মাহমুদ।’ ইয়াসির হামিদ বলেন, ‘স্বাভাবিকভাবেই আমি তাঁর প্রস্তাবে আগ্রহী হয়েছিলাম। আমরা আলোচনা শুরু করি। তিনি আমাকে ৫০ হাজার পাউন্ডের চুক্তির কথা জানান। বিনিময়ে আমার ক্রিকেট ব্যাটে ইতিহাদ এয়ারওয়েজের স্টিকার ব্যবহার ও সংযুক্ত আরব আমিরাতে বিজ্ঞাপন ও বিলবোর্ডে মডেল হওয়ার কথা বলা হয়। এ রকম চুক্তির জন্য আরও চারজনের নাম জানতে চাইলে আমি উমর গুল, শহীদ আফ্রিদি, উমর আকমল ও ফাওয়াদ আলমের কথা ভেবেছিলাম।’ইয়াসির হামিদ আরও বলেন, ‘আমি ওই আলোচনায় উমর গুলকে ডেকেছিলাম। সে এসে সম্মতি দেয় এবং আলোচনা চালিয়ে নেওয়ার জন্য আমাকে পরামর্শ দেয়। এরপর আবিদ খান সাম্প্রতিক স্পট ফিক্সিং নিয়ে প্রশ্ন করেন। স্পন্সর এজেন্ট মনে করেই সব কথা বলেছিলাম। পাকিস্তানের তিন ক্রিকেটার কীভাবে স্পট ফিক্সিংয়ে জড়াল, আমার কাছে আরও তথ্য আছে কি না, এসব নিয়ে জানতে চান। যত দূর মনে পড়ে—পত্রিকায় যেসব সংবাদ পড়েছি, আমি কেবল সেসব কথাই বলেছি।’প্রকাশিত ভিডিও সম্পর্কে ইয়াসির হামিদ বলেন, ‘আমার ধারণা গোপন ক্যামেরায় সব কিছু ধারণ করেছেন আবিদ। এসব নিয়ে আমি সচেতন ছিলাম না। এরপর আমি বন্ধুদের সঙ্গে হোটেল ছেড়ে যেখানে থাকি, সেখানে চলে আসি। দুই দিন পর ফোন করে পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিং-সংক্রান্ত তথ্য দেওয়ার বিনিময়ে ২৫ হাজার পাউন্ড দেওয়ার প্রস্তাব দেন আবিদ। আমি তাত্ক্ষণিকভাবে তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করে ফোন বন্ধ করে দিই।’বক্তব্যের শেষাংশে এসে ইয়াসির হামিদ বলেন, ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড আমাদের মধ্যে কথোপকথন তুলে ধরে যেসব সংবাদ প্রকাশ করেছে, তা নিয়ে যোগাযোগ করা হলে পাকিস্তানের মিডিয়ার কাছে এসব তথ্য অসত্য বলে জানিয়ে দিই। ঘটনাক্রমে আবিদ খানের মোবাইল ফোন থেকে একটি এসএমএস পাই। যেখানে লেখা ছিল— দয়া করে আমাকে কল করুন। আপনার মদ খাওয়ার ভিডিও, আপনি যেসব বলেছেন তাঁর সব প্রমাণ আমাদের কাছে রয়েছে। অস্বীকার করলে টেলিভিশনে ভিডিও ছেড়ে দেওয়া হবে। তার চেয়ে বরং সত্য কথা বলুন!’‘যা হোক, আমি সাড়া দিইনি বা কোনো প্রতিক্রিয়া দেখাইনি। আমি বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছি’।—ক্রিকইনফো।