স্পারদের প্রেরণা ওয়েম্বলি
স্বপ্ন এখনো বেঁচে আছে। ডিফো-ক্রাউচ-বেলরা স্বপ্নযাত্রাটা এগিয়ে নিতে চান আরও অনেক দূর—কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পেরিয়ে ফাইনাল পর্যন্ত। টটেনহাম হটস্পারের স্বপ্নযাত্রায় পথের কাঁটা আজ এসি মিলান। ‘স্পার’রা কি পারবে এই কাঁটা সরিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে জায়গা করে নিতে?টটেনহামের ইংল্যান্ড স্ট্রাইকার জার্মেইন ডিফোর বিশ্বাস, তাঁরা পারবেন। শেষ ষোলোর প্রথম লেগে এসি মিলানের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে এসেছে উত্তর লন্ডনের ক্লাবটি। আজ নিজেদের মাঠে খেলা। ড্র করলেও টটেনহাম প্রথমবারের মতো উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। এএফপি, ওয়েবসাইট।এই অর্জনের হাতছানিতে ডিফোদের বড় প্রেরণা একটা স্বপ্ন—ওয়েম্বলিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলার স্বপ্ন। মিলানের বিপক্ষে ম্যাচের আগে ডিফো বলেছেন, ‘আমি মনে হয় কেঁদেই ফেলব। যেকোনো ফাইনালে খেলাই দারুণ ব্যাপার। আর লন্ডনের একজন হয়ে ওয়েম্বলিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলাটা তো অসাধারণ ব্যাপার হবে।’টটেনহাম ফাইনাল খেলবে—এটি কি ডিফোর কল্পনা নয়! কিছুদিন আগেও টটেনহাম কল্পনার জগতেই ছিল। কিন্তু ৪৯ বছর পর আবার ইউরোপের অভিজাত টুর্নামেন্টে ফেরাটা স্মরণীয় করেই রাখছে স্পাররা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। এরপর মিলানকে হারিয়ে এসেছে প্রথম লেগে। টটেনহাম তো স্বপ্ন দেখতেই পারে।তবে চ্যাম্পিয়নস লিগের সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান কি এত সহজেই ছেড়ে দেবে? বড় উপলক্ষে ঠিকই জ্বলে ওঠার সামর্থ্য আছে ক্ষয়িষ্ণু মিলানের। একটা বড় সমস্যা অবশ্য আজ আছে ‘রোজোনেরি’দের। নিষেধাজ্ঞায় থাকায় এই ম্যাচে খেলতে পারছেন না তাদের মিডফিল্ড জেনারেল জেনারো গাত্তুসো।শালকে জিরো ফোর আত্মবিশ্বাসী। দ্বিতীয় লেগে আজ তাদের প্রতিপক্ষ স্পেনের ভ্যালেন্সিয়া। প্রথম লেগে ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ১-১ গোলে ড্র করে আসাই তাদের আত্মবিশ্বাসের উৎস। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ওঠার স্বপ্ন দেখছে জার্মান ক্লাবটি।তবে রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক রাউল সতীর্থদের সতর্ক করে বলেছেন, ‘আমাদের মনে রাখতে হবে প্রথম লেগের চেয়ে ভ্যালেন্সিয়া ভালো খেলতে পারে। ওদের দলে এমন অনেক খেলোয়াড় আছে যারা প্রতিপক্ষের মাঠেও ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’